পাবনা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার দুপুরে দু’দল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বেলা আড়াইটার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় একটি অটোবাইকে বসাকে কেন্দ্র করে দু’দল ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে একপক্ষ আরেক পক্ষের শিক্ষার্থীদের মারধর করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২টি বিভাগের ছাত্রদের মাঝে দ্বন্দের ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়। আমি নিজেই তাদের তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি।
“পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তাহীনতার কারণে অনেক ছাত্রকে পুলিশ ভ্যানে করে তাদের ছাত্রাবাসে পৌঁছে দেয়া হয়েছে,” বলেন তিনি।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাইরে আছেন। তিনি ক্যাম্পাসে ফিরে এসে বিষয়টি ফয়সালা করবেন।
পাবনা থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ও সিনিয়র ছাত্রদের মেেধ্য উত্তেজনার ঘটনায় কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
অনেক ছাত্রকে পুলিশ ভ্যানে করে বিশ্ববিদ্যালয় থেকে এনে শহরের তাদের নিজ নিজ ছাত্রাবাসে পৌঁছে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.
bdnews24