বগুড়া, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় কর্মসৃজন প্রকল্পের দিনমজুরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এই ইউনিয়নে কর্মরত ২৫০ জন শ্রমিক মজুরির টাকা উত্তোলন করেন ব্যাংক থেকে। তারা দৈনিক ১৭৫ টাকা করে ৪০ দিনের কাজের টাকা পান।
কিন্তু ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জ্বলের লোকজন ও ইউপি সদস্যরা প্রতিজন শ্রমিক থেকে ৫০০ টাকা কেটে রেখেছেন বলে শ্রমিকরা অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দিনমজুর জানান, বৃহস্পতিবার তারা গোসাইবাড়ি রূপালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। প্রত্যেকের টাকা থেকে চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য এবং চেয়ারম্যানের লোকজন ৫’শ টাকা কেটে নেয়।
এরপর বিষয়টি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনিকে জানান।
শ্রমিকরা বলেন, ইউপি সদস্য ও চেয়ারম্যানের লোকজন তাদের জানায়- ওই টাকা না দিলে তাদের পরে আর কাজ দেওয়া হবে না। তাই ভয়ে তারা টাকা দিয়েছেন।
এই কর্মসূচির দিনমজুর চিথুলিয়া গ্রামের দোলা আকন্দ বলেন, দিনমজুরদের ব্যাংক একাউন্ট করার টাকা ছিল না। ওই সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান এই আড়াইশ’ দিনমজুরের ব্যাংক একাউন্টের টাকা নিজ তহবিল থেকে দেন।
তারা আরো জানান, আব্দুল মান্নান বিষয়টি ইউএনওকে তদন্ত করে দেখতে বলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, চেয়ারম্যান সভা করে মৌখিকভাবে তাদের টাকা উত্তোলন করতে বললেও এখন দোষ চাপাচ্ছেন সদস্যদের উপর।
গোসাইবাড়ি ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জ্বল বলেন, ভুল বোঝাবুঝির কারণে টাকা নেওয়া হয়েছে। তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউএনও আতাউল গনি বলেন, দিনমজুরেরা তার কাছে অভিযোগ করেছেন। তবে চেয়ারম্যান তাদের টাকা বুধবারের মধ্যে ফেরত দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.
bdnews24