ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের নয় দিনেও হত্যার কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।
সোমবার তদন্তকারী পুলিশ কর্মকর্তারা পশ্চিম রাজাবাজারে সাগর-রুনির বাসায় যান। সেখানে সাগরের শার্টের খোঁজ করা হয় বলে রুনির ভাই নওশের আলম রোমান জানিয়েছেন। তিনি এই মামলার বাদি।
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার ইমাম হাসান বলেন, কিছু বিষয় জানার জন্যই তারা ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। তবে তদন্তের বিষয়ে আর কিছু বলতে অনীহা প্রকাশ করেন তিনি।
গত ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর পুলিশপ্রধান হাসান মাহমুদ খন্দকার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করলেও তারপর থেকে পুলিশ তদন্তের বিষয়ে আর কিছু বলছে না।
এই নিয়ে সাংবাদিক সংগঠনগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কর্মসূচি দেওয়ার প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ পুলিশের ওপর আস্থা রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
রুনির ভাই নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে উপকমিশনার ইমাম হাসান ঘটনাস্থলে যান।
“পরে আমিও সেখানে যাই। ইমাম হাসান আমার কাছে জানতে চান যে সাগর সরওয়ারের কোনো শার্ট খোয়া গেছে কি না। আমি পুলিশকে বলেছি, জামাকাপড় খোয়া গেলেও আমাদের তা জানার কোনো উপায়ই নেই,” বলেন তিনি।
পুলিশের এক কর্মকর্তা বলেন, তাদের সন্দেহ যে খুনিরা হয়ত সাগরের শার্ট পরে পালিয়ে গেছে।
খুনির ব্যবহার করা পোশাক পেয়েই কি পুলিশ এই সন্দেহ করছে- জানতে চাইলে নওশের বলেন, “এ বিষয়ে পুলিশ আমাদের কিছুই জানায়নি।”
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে কর্মস্থল মাছরাঙা টেলিভিশন থেকে বাসায় ফেরার পর সন্ত্রীক খুন হন সাগর। তখন ওই বাসায় তাদের শিশুসন্তান মাহিন সরওয়ার মেঘও ছিল। মেঘকে উদ্ধৃত করে পুলিশ জানায়, খুনি ছিল দুজন।
সাগর-রুনির বাসাটি পুলিশ সিল করে দিয়েছে। তবে ওই বাসায় খুনিদের হাতের ছাপসহ বিভিন্ন আলামত অস্পষ্ট বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওই বাসা থেকে বেরিয়ে উপকমিশনার ইমাম হাসান সাংবাদিকদের বলেন, “কিছু বিষয় আমাদের জানার ছিল। আমরা বাদিকে নিয়ে এসেছি। যে সব বিষয়ে আমাদের কনফিউশন ছিল, সে সব দূর হবে বলে আশা করছি।”
হত্যাকাণ্ডের কারণ কিংবা তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি শুধু বলেন, “আমরা ভালো অবস্থানে আছি।”
ডিএমপি কমিশনার বেনজীরও সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, “তদন্তের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/২০৫৫ ঘ.
bdnews24