২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহ্যকে ধারণ করতে হবে: অমর্ত্য সেন

বিশ্ব বাঙালি সম্মেলনে বক্তৃতায় নিজ ইতিহাস ও ঐতিহ্য হেয় করার চেষ্টার বিরুদ্ধে সরব হওয়ারও আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী এই বাঙালি অর্থনীতিবিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাবি, ফেব্র্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালির নিজেদের ইতিহাস ও ঐতিহ্য ধারণের ওপর জোর দিয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। সোমবার বিশ্ব বাঙালি সম্মেলনে বক্তৃতায় একইসঙ্গে বাঙালি ঐতিহ্য হেয় করার চেষ্টা রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন বাঙালি এই অর্থনীতিবিদ। অমর্ত্য সেন মনে করেন, রাজনৈতিক কারণে বাঙালিরা আজ বিভক্ত হলেও এই জাতির সাংস্কৃতিক ঐক্য এখনো অটুট। বিশ্ব বাঙালি সম্মেলনের এক সেমিনারে বক্তব্য রাখেন অমর্ত্য সেন, যা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে। বেঙ্গলি ইন্টারন্যাশনাল আয়োজিত ওই সেমিনারে ‘বাংলা সভ্যতার কয়েকটি দিক’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। অর্থনীতিবিদ রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক। অমর্ত্য সেন বলেন, রাজনৈতিক নানা কারণে এবং ইতিহাসের ঘটনাক্রমে প্রাচীন বাংলা এখন বিভক্ত। কিন্তু বাঙালির একাত্মতার ভিত্তি প্রধানত রাজনৈতিক নয়। “সাহিত্য, কাব্য, সঙ্গীত এবং চিন্তানির্ভর সভ্যতার ঐক্যের জোর রাজনীতি থেকে কম নয়। তারই সঙ্গে আছে আমাদের সমাজ চেতনা চিন্তামুখী আলাপ-আলোচনা। তার প্রভাব রাজনীতির ওপর পড়বে না, এমনটি নিশ্চিত নয়। কিন্তু সেই নৈকট্যের ভিত্তি একমাত্র রাজনীতিতে নয়,” বলেন তিনি। বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে হার্ভার্ড ইউনিভার্সিটির এই অধ্যাপক বলেন, “বাঙালির চিন্তাধারার ঐতিহ্যের মধ্যে কয়েকটি দিকের ওপর নজর দেওয়ার কারণ আমাদের আছে- আজকেও খুব বেশি করে আছে। তার মধ্যে একটি গুণ বাঙালি সভ্যতার গ্রহণশক্তি এবং সমন্বয় প্রীতি।” এক্ষেত্রে তিনি বলেন, মুঘল সম্রাট আকবর প্রবর্তিত সন গণনার রীতি ভারতের অন্য কোনো অঞ্চল গ্রহণ না করলেও বাংলা অঞ্চল তা গ্রহণ করেছিল। “অন্যদের সংস্কৃতি গ্রহণ, নতুন সংস্কৃতির চয়ন এবং গ্রহণের ক্ষেত্রে নিজ ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে হবে। এক্ষেত্রে আমাদের ঐতিহ্যকে হেয় করলে তার প্রতিবাদ জানাতে ভুল করা যাবে না,” বলেন অমর্ত্য, যার পৈত্রিক নিবাস বাংলাদেশে। বাঙালির সমৃদ্ধ অর্থনৈতিক ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরে এই অর্থনীতিবিদ বলেন, অষ্টাদশ শতাব্দীতে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার লেখায় বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলগুলোর মধ্যে ধরেছিলেন। বাংলাদেশের সঙ্গে উৎপাদন এবং বাণিজ্যভিত্তিক যোগাযোগ রাখতে খুবই উদগ্রীব ছিলেন সেই সময়কার পর্তুগিজ, ডাচ্, ফরাসি, ইংরেজ, ডেনিশ ও বহু ইউরোপীয় দেশ। তিনি বলেন, “অর্থনৈতিক সমৃদ্ধির ইতিহাস থেকে আমাদের দূরত্ব বোধ করার কারণ হয়ত আছে। কিন্তু সামাজিক, রাজনৈতিক, সাহিত্যিক সব সমৃদ্ধির সঙ্গে আমাদের অর্থনৈতিক প্রসারের প্রচেষ্টাও নিশ্চয় চলবে।” “যে অভাবের জাল থেকে আমরা মুক্তি চাই, যা শুধু অর্থনৈতিক নয়- বাঙালি সভ্যতার সব দিকের প্রসারতা আমাদের কাম্য,” বলেন অমর্ত্য। এই প্রসঙ্গে কবি জসীম উদদীনের একটি অপ্রকাশিত কবিতা উদ্ধৃত করেন এই অর্থনীবিদ- ‘কোথায় জ্যোৎøা-পুলকিত রাতি/কোথায় পুষ্পরথ/অভাবের জালে আজিকে দৈত্য/ঘিরিয়েছে তব পথ’ এরপর তিনি বলেন, “আমাদের প্রয়োজন জ্যোৎøা পুলকিত জীবন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.