২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের ওপর আস্থা রাখুন’

সাংবাদিক দম্পতি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি জানাতে না পারলেও পুলিশের ওপর আস্থা রাখতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যা মামলায় কাউকে চিহ্নিত কিংবা গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি জানাতে না পারলেও পুলিশের ওপর আস্থা রাখতে বলেছেন মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। হত্যাকাণ্ডের দশদিন পর সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“সাগর-রুনির পরিবার ও সাংবাদিকরা এই তদন্ত কাজ যতটুকু আন্তরিকতা দিয়ে করতো, আমরা তাদেরকেও (তাদের আন্তরিকতা) ছাপিয়ে যাবো।” “আমাদের ওপর আস্থা রাখুন”, যোগ করেন তিনি। গত ১১ জানুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এখন পর্যন্ত খুনের কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের সময়সীমা পুলিশকে বেঁধে দিয়েছিলেন। বেনজির আহমেদ ওইদিন ঘটনাস্থলে গেলেও হত্যাকাণ্ডের বিষয়ে সোমবারই তিনি সাংবাদিকদের সঙ্গে প্রথম কথা বললেন। মঙ্গলবার একুশে ফেব্র“য়ারি উপলক্ষে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে তিনি সেখানে যান। হত্যামামলাটি ‘দ্রততম’ সময়ে শেষ করার প্রত্যয় ব্যক্ত করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা ১১ তারিখের পর থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে তদন্ত করছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করতে পারবো।” এ ঘটনায় কাউকে সন্দেহ বা সনাক্ত করতে পেরেছেন কিনা জানতে চাইলে বেনজির বলেন, “তদন্তের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না।” এদিকে সকালে মামলার বাদি ও রুনির ভাই নওশের রোমানকে নিয়ে রাজাবাজারে সাগর-রুনির ফ্ল্যাটে যান তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার ইমাম হাসান। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “কিছু বিষয় আমাদের জানার ছিলো। আমরা বাদিকে নিয়ে এসেছি। যেসব বিষয়ে আমাদের কনফিউশন ছিলো সেসব দূর হবে বলে আশা করছি।” ঘটনার উদ্দেশ্য কিংবা অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, “আমরা ভালো অবস্থানে আছি।” এদিকে সাংবাদিক সংগঠনগুলো ২২ ফেব্র“য়ারির মধ্যে খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছে। তদন্তে কোনো প্রভাবশালী মহল প্রভাব বিস্তার করছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার বলেছেন, “প্রধানমন্ত্রী নিজে এই তদন্ত তদারক করছেন। তার চেয়ে প্রভাবশালী কে আছে?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/১৩৫০ ঘ.