সিলেট, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দৈনিক জালালাবাদের প্রধান আলোকচিত্রী সি এম মারুফ মারা গেছেন।
রোবরার রাত সোয়া ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানান তার স্ত্রী শাহেদা পারভীন চৌধুরী।
মারুফ (৪৩) সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
শাহেদা পারভীন চৌধুরী সাংবাদিকদের জানান, রোববার রাত দেড়টার দিকে তিনি দৈনিক জালালাবাদ থেকে কাজ সেরে বাসায় ফেরেন। রাতের খাবার খাওয়ার পর থেকেই তিনি অসুস্থবোধ করেন।
এরপর অচেতন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয় সহকর্মীকে এক নজর দেখতে নগরীর চৌহাট্টাস্থ মারুফের বাসায় ভীড় করেন সংবাদকর্মীরা।
সোমবার বাদ আছর নয়াসড়ক জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মানিকপীর গোরস্থানে মারুফকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানান।
এর আগে বেলা আড়াইটায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য মারুফের মরদেহ সিলেট প্রেসক্লাবে রাখা হবে।
মারুফের পাঁচ বছরের এক মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১১৫৮ ঘ.
bdnews24