২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় জনস্রোত

বইমেলার সকালটা শিশুদের জন্য নির্ধারিত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিণত হতে থাকে সর্বস্তরের মানুষের মিলন মেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 06:31 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলার সকালটা শিশুদের জন্য নির্ধারিত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিণত হতে থাকে সর্বস্তরের মানুষের মিলন মেলায়। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বইমেলায় ছিল শিশু প্রহর। তারপরও সকাল থেকেই মেলায় সব বয়সীদের ভিড় দেখা যায়। আর দুপুর গড়িয়ে বিকাল এলে তা হয়ে ওঠে জনসমুদ্র। বিকাল ৫টা নাগাদ মেলায় ঢোকার জন্য দর্শনার্থীদের লাইন শাহবাগের ছবির হাট ছাড়িয়ে যায়। অন্যদিকে তা দোয়েল চত্বর ছাড়িয়ে কার্জন হল পর্যন্ত গিয়ে ঠেকে। তারপরও দুই পাশের দুইটি করে চারটি আর্চওয়ে দিয়ে মেলায় ঢুকতে হিমশিম খাচ্ছিলেন দর্শনার্থীরা। এ সময় বাঁধন মাহমুদ নামে মেলার এক দর্শনার্থী বলেন, “বইমেলার পরিধি আর মেলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন বাঙালির জাতীয় উৎসবে পরিণত হয়েছে।” এদিন মেলায় দর্শনার্থী ও পাঠকের ভিড়ে বেশ সন্তুষ্ট ছিলেন প্রকাশক ও বিক্রেতারা। অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক ও প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনপ্রিয় ধারার বাইরে আমরা সাধারণত ‘রেয়ার’ বইগুলো প্রকাশ করি। তারপরও বিক্রি প্রচুর। সুতরাং বইয়ের প্রতি যে পাঠকের আগ্রহ আছে সেটা বোঝা যাচ্ছে।” জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বই বিক্রিতে ব্যস্ত অন্যপ্রকাশের বিক্রয় প্রতিনিধি মোজাম্মেল হক শিশির বলেন, “সকাল থেকেই ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।” কাকলী প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি মামুনুর রশিদ মামুন বলেন, “শুক্রবার ছুটির দিন হওয়ায় মানুষের চাপ অনেক বেশি আর সে সঙ্গে বেড়েছে বিক্রিটাও। মেলায় সবাই যে শুধু বই কিনতেই আসছেন তা নয়, অনেকে বেড়াতেও আসছেন। সব কিছু ছাপিয়ে আসলে একটা উৎসব উৎসব ভাব।” ঐতিহ্য প্রকাশের প্রতিনিধি মিছিল খন্দকার বলেন, “বইমেলা ধীরে ধীরে মানুষের মিলন মেলায় রূপ নিচ্ছে। আমরা প্রকাশক ও বিক্রেতারাও সন্তুষ্ট। কারণ বিক্রিটাও ভালো।” শুক্রবারের বই শুক্রবার মেলার সপ্তদশতম দিনে মোট ২১৯টি বই প্রকাশিত হয়। এরমধ্যে গল্প ২৬টি, উপন্যাস ৪৫টি, প্রবন্ধ ১৫টি, কবিতা ৩১টি, গবেষণা ৯টি, ছড়া ৯টি, শিশুতোষ ৭টি, জীবনী ৮টি, মুক্তিযুদ্ধ রচনাবলী ৫টি, নাটক ১টি, বিজ্ঞান ৭টি, ভ্রমণ ৭টি, ইতিহাস ২টি, রাজনীতি ১টি, স্বাস্থ্য ১০টি, কম্পিউটার ১টি, রম্যরচনা ৭টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৫টি, বৈজ্ঞানিক কল্পকাহিনী ৫টি এবং অন্যান্য ১৬টি। সঙ্গীত প্রতিযোগিতা শুক্রবার সকালে মেলার মূলমঞ্চে শিশু-কিশোর সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে ক-শাখায় ‘ছড়াগান’ বিষয়ে ১৫ জন এবং খ-শাখায় ‘ভাষার গান’-এ ১৫ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী ঘোষ, শাহীন সামাদ ও সুজিত মোস্তফা। আগামী ২৪ তারিখ চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ও অংশ নেওয়া সব প্রতিযোগীকে শান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। সেমিনার শুক্রবার মেলার মূলমঞ্চে আয়োজিত ‘সার্ধশত জন্মবর্ষের শ্রদ্ধাঞ্জলি: আচার্য প্রফুল¬চন্দ্র রায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান-লেখক তপন চক্রবর্তী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের এমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রসায়ন গবেষক সুধাংশু রায়, লেখক ও মানবাধিকার সংগঠক সালাম আজাদ, পশ্চিম বাংলার শিক্ষাবিদ পার্থ সেনগুপ্ত এবং জন উটলে সম্মাননাপ্রাপ্ত পদার্থবিদ ড. ফজলে বারী মালিক। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গাজীর গান পরিবেশন করেন এস এম আকরাম শাহীদ ও তার দল এবং বাউল গান পরিবেশন করেন মো. সাইফুল ইসলাম ও তার দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এএইচ/০০৩০ ঘ.