চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ভাষার প্রমিতকরণ দরকার। বিকৃতি কিংবা বিভ্রান্তির শিকার হলে দেশে ভাষাভিত্তিক বিকাশ ব্যাহত হবে।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ‘ভাষা ও আমাদের জাতীয় চেতনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মতামত ব্যক্ত করেন।
সেমিনারে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, শিক্ষার জন্য ভাষাকে ব্যবহার করতে চাইলে তাদের শক্তিশালী সাহিত্য দরকার।
“উনবিংশ শতাব্দীর গোড়া থেকেই বাংলায় শক্তিশালী সাহিত্য তৈরি হওয়ায় বাঙালি জাতীয়তাবোধ শক্তিশালী হয়েছে এবং বায়ান্নতে আমরা রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি।
“চাইলেই কেউ জাতীয়তাবাদী হতে পারবে না। এর জন্য পুঁজি লাগবে, যা বাংলা ভাষায় ছিল।”
বিশ্বে ইংরেজি ভাষাসহ বিভিন্ন ভাষার আগ্রাসনে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে উল্লেখ করে আবুল মোমেন তা সংরক্ষণে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন।
প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে আলোচনা করেন দৈনিক আজাদীর সহকারী সম্পাদক সিদ্দিক আহমেদ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, ছাড়াকার নুর মোহাম্মদ রফিক, দৈনিক পূর্বকোণের যুগ্ম বার্তা সম্পাদক আবু তাহের মোহাম্মদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মোহসিন চৌধুরী প্রমুখ।
মূল প্রবন্ধে নুরুল আমিন বলেন, বাঙালির ভাষা আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল স্বকীয় সংস্কৃতির ভিত তৈরি করে নিজস্ব জাতীয় স্বত্ত্বা তৈরি করা। একমাত্র ভাষার মাধ্যমেই একটি জাতি বা জনগোষ্ঠীকে আলাদাভাবে প্রতিষ্ঠা করা যায়।
অমর একুশ আমাদের জাতীয় জীবনের মাইলফলক উল্লেখ করে মূল প্রবন্ধে বলা হয়, “এর চেতনার মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ বিকাশ এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিশ্বের দরবারে নিজেদের স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা করতে পেরেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24