গাইবান্ধা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় মামলা করায় ধর্ষিতার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার গৃহবধূ ও তার স্বামী এই অভিযোগ করেন। তারা জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কাছেও প্রতিকার দাবি করেন।
সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর গ্রামের ওই নারীকে একই গ্রামের আব্দুল জোব্বার মিয়ার ছেলে মাহাবুবুর রহমান সুমন ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
এই নিয়ে থানায় মামলা হলেও ধর্ষণকারীকে পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এতে বলা হয়, ধর্ষিতর স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে। এই কারণে তার স্ত্রী বাড়িতে একা থাকেন। এই সুযোগে গত ৩০ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় সুমন ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘটনার পরপরই সুমনকে স্থানীয়রা ধরে ফেললেও আব্দুল জোব্বার মিয়া সন্ত্রাসী নিয়ে এসে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান।
এ নিয়ে গ্রামে সালিশও বসেছিল। এরপর মামলা হয়।
এ প্রসঙ্গে স্থানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই দিন সুমনের পরিবারের কেউ সালিশে উপস্থিত না থাকায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সদর থানার ওসি আফজাল হোসেন খাঁন জানান, সব আসামি পলাতক।
আসামি গ্রেপ্তারে পুলিশের চেষ্টার কোনো কমতি নেই দাবি করে তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২৩১৮ ঘ.
bdnews24