শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্সের বিষয় মন্ত্রণালয় পুনর্বিবেচনা না করায় যাচাই-বাছাই শুরু করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।
৮৫টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে যাচাই-বাছাই করে তাদের লাইসেন্স দিতে বুধবার টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিআরসিকে নির্দেশনা দেয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে যাচাই-বাছাই শুরু হয়েছে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
যাচাই-বাছাইয়ের পর তালিকা পুনরায় মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।
যাচাই-বাছাইয়ের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে একাধিক অংশীদারিত্ব থাকলে তা বিবেচনা করতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই প্রতিষ্ঠান যদি একাধিক লাইসেন্সের জন্য মনোনীত হয় বা একই ব্যক্তির বিভিন্ন লাইসেন্সে অংশীদারিত্ব থাকে, তাহলে তাকে একাধিক লাইসেন্স না দিয়ে একটি দেওয়া হবে।”
টেলিযোগাযোগ খাতে ৮৫টি লাইসেন্সের বিরোধিতা ছিল বিটিআরসির। তাদের পাশাপাশি অপারেটররাও বলছে, এই পরিমাণ লাইসেন্স দেওয়া হলে টেলিকম খাতে বাজার ভারসাম্য নষ্ট হবে।
তবে এই আপত্তির বিষয়ে মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বলেছিলেন, “প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করার পর এর সংখ্যা কমে আসবে, তাই এই (বাজার ভারসাম্যহীনতা) ধরনের আশঙ্কা নেই।”
গত ৯ ফেব্র“য়ারি শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়ার জন্য ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে বিটিআরসিতে তালিকা পাঠায় মন্ত্রণালয়। এরপর বিটিআরসি তা পুনর্বিবেচনার আবেদন করলেও তা গৃহীত হয়নি।
২০১০ সালে পাস হওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইনের মাধ্যমে টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির কাছ থেকে মন্ত্রণালয়ের কাছে চলে যায়। এর পর থেকে বিভিন্ন বিষয়ে বিটিআরসি ও মন্ত্রণালয়ের মধ্যে টানাপড়েন দেখা দেয়।
ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২৫টি, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২১টি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৯টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করেছে মন্ত্রণালয়।
আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি লাইসেন্সে পেতে গত ৮ ডিসেম্বর ১৫৩টি প্রতিষ্ঠান আবেদন করে। এই প্রতিষ্ঠানগুলোর রেটিং করে ফেব্র“য়ারির শুরুতেই মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় বিটিআরসি।
বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান আইসিএক্স, আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্স নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ২০ অক্টোবর আরো কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি।
আইসিএক্স হলো বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা। বর্তমানে সব ভয়েস অপারেটর তিনটি আইসিএক্সের (বিটিসিএল, গেটকো ও এমঅ্যান্ডএইচ) সঙ্গে যুক্ত।
আইসিএক্সগুলো আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক আইজিডব্লিউ সেবা দেয়।
বর্তমানে আইআইজি সেবা দিচ্ছে ম্যাংগো এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করা এ সার্ভিসের মূল কাজ।
মন্ত্রণালয়ের চূড়ান্ত করা ৮৫ প্রতিষ্ঠানের নাম
আইসিএক্স লাইসেন্স চূড়ান্ত হওয়া ২১টি প্রতিষ্ঠান হচ্ছে (ক্রমানুসারে)- টেলিপ্লাস নিউইর্য়ক, বেনটেল, গাজী নেটওয়ার্ক, এমএকে টেলিকম, নিউ জেনারেশন টেলিকম, রিংটেক (বাংলাদেশ), অগ্নি সিস্টেমস, সেগুফতা টেলিকমিউনিকেশনস, জীবন ধারা সলিউশনস, মাদার টেলিকমিউনিকেশন, ভয়েস টেল, ইমাম নেটওয়ার্ক, বাংলাট্রাক কমিউনিকেশনস, এম এম কমিউনিকেশন, টেলি এক্সচেঞ্জ, পারপেল টেলিকম, প্যারাডাইস টেলিকম, সফটটেক্স কমিউনিকেশন, মাইক্রো ট্রেড, ইন্ট্রিগ্রেটেড সার্ভিসেস ও ক্লাউড টেল।
আইজিডব্লিউ-এর লাইসেন্সের জন্য মনোনীত ২৫টি প্রতিষ্ঠান হচ্ছে (ক্রমানুসারে)- গ্লোবাল ভয়েস টেলিকম, বিডি টেল, রুটস কমিউনিকেশন, হামিদ সোর্সিং, ক্যাপসটোন কমিউনিকেশনস, ফাস্ট কমিউনেশনস, মস ফাইভ টেল, এসএম কমিউনিকেশন, ডিজিকন টেলিকম, সিগমা ইঞ্জিনিয়ার্স, সিইএল টেলিকম, রাতুল টেলিকম, ডিবিএল টেলিকম, এ্যাপল নেটওয়ার্কস, ওয়ান এশিয়া গেটওয়ে ইন্টারন্যাশনাল, ইউনিক ইনফোওয়ে, ভিশন টেল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেটওয়ে, বাংলাটেল, র্যাংকস টেল, টেলেক্স, কাই টেলি কমিউনিকেশন, প্লাটিনাম কমিউনিকেশন, ভেনাস টেলিকম ও এইচআরসি টেকনোলজিস লিমিটেড।
আইআইজি লাইসেন্সর জন্য চূড়ান্ত ৩৯টি প্রতিষ্ঠান হচ্ছে (ক্রমানুসারে)- ওয়ান টেল, ওয়ান এশিয়া এএইচএল জেভি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, সুমিত কমিউনিকেশনস, অপটিম্যাক্স কমিউনিকেশন, ভিরগো কমিউনিকেশন, ভেলোসিটি নেটওয়ার্কস, লেভেল-৩ ক্যারিয়ার, ইন্টিগ্রেটেড বিসনেস সলিউশন, আবির টেলিকমিউনিকেশনস, অ্যাপল কমিউনিকেশন, আর্থ টেলি কমিউনিকেশন, নভোকম, ইকুইটেল কমিউনিকেশন, বিডি লিংক কমিউনিকেশন, ফাইবার এট হোম, তরুন লিমিটেড, ম্যানেজওয়েল কমিউনিকেশনস, ইনট্রাগ্লোব কমিউনিকেশন, পিরেক্স নেটওয়ার্কস, করোনেট কর্পোরেশন, রেডিয়ান্ট কমিউনিকেশনস, স্কাইটেল কমিউনিকেশনস, বাংলাফোন , বিডি হাব, গ্রীণল্যান্ড টেকনোলজিস, ডিজিকন টেকনোলজিস, বাংলাদেশএক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, নিউটেক প্যাসেফিক, রিগো কমিউনিকেশনস, অরোরা টেকনোলজিস, ডেলটা ইনফোকম, ভারট্রেক্স কমিউনিকেশনস, পিএম-স্পেকট্রাম টেলিকম, গ্লোবাল ফেয়ার কমিউনিকেশনস, সাইবারগেট, ওরিয়ন টেলিকম, ম্যাক্সনেট অনলাইন ও একজাভেট লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২১১৫ ঘ.
bdnews24