২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর জেল থেকে মুক্ত দুই ভারতীয় হস্তান্তর

দিনাজপুর জেলা কারাগার থেকে বুধবার দু’জন ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। পরে হিলি সীমান্ত দিয়ে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

দিনাজপুর, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর জেলা কারাগার থেকে বুধবার দু’জন ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। পরে হিলি সীমান্ত দিয়ে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়। মুক্তি পেয়েছেন- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার কুসুমতারা গ্রামের মোজাহার মোল্লার ছেলে হাফিজুর রহমান এবং একই থানার খানদ্রা গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে মলয় সরকার। নির্দিষ্ট মেয়াদের কারাভোগ শেষ হওয়ার পরও এরা মুক্তি না পাওয়ায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বিষয়টি দু’দেশের সংশ্লিষ্টদের নজরে আনে। হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি নুরুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা ১১টায় এদের দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়ার পর পুলিশ হেফাজতে হিলি চেকপোস্টে পাঠানো হয়। বিকাল ৪টায় ওই তাদের ভারতীয় হিলি ইমিগ্রেশনের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়, বলেন ওসি। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কর্মী দিনাজপুর সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক জহুরুল হক বলেন, হাফিজুর রহমানকে ২০০৯ সালের ৩১ মে দিনাজপুরের মনিপুর বিওপি ক্যাম্পের বিজিবি (সাবেক বিডিআর) সদস্যরা মাদক চোরাচালানের অভিযোগে আটক এবং মামলা দায়ের করে। বিচারে তার ৬ মাস কারাদণ্ড হয়। অন্যদিকে, মলয় সরকারকে ২০১১ সালের ১৭ মার্চ হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। বিচারে তার ২০ দিনের কারাদণ্ড হয়। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পরও তারা মুক্তি না পাওয়ায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে জহুরুল হক দুই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এদের মুক্তির বিষয়টি সমন্বয় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.