ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, “বড় পুকুরিয়া কয়লা খনি মুখে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট স্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। এই ইউনিটটি ২০১৫ সাল নাগাদ চালু হবে।”
‘পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১০’ নামে মহাপরিকল্পনা গত বছরের ফেব্র“য়ারিতে প্রকাশ হয়েছে উল্লেখ করে তিনি আগামী ১৮ বছরে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার কথা সংসদে জানান বুধবার।
শেখ হাসিনা বলেন, “এ মাস্টার প্ল্যানে দেশে উৎপাদিত কয়লা দিয়ে কয়লা খনিমুখে (উত্তর-পশ্চিম অঞ্চল) ২০৩০ সালের মধ্যে মোট প্রায় ১১ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পগুলো বাস্তবায়নের নিমিত্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পগুলোর বিস্তারিত ফিজিবিলিটি স্টাডির ভিত্তিতে ভবিষ্যৎ কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।”
“কয়লানীতি চূড়ান্ত করতে ১৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। কমিটি পরিবেশগত, ভূ-তাত্ত্বিক কাঠামো এবং আর্থসামাজিক অবস্থার ওপর প্রভাব বিবেচনা করে এ বিষয়ে সুপারিশ করবে।”
বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
সাংসদ তাজুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাটুরিয়া-গোয়াললন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু এবং ঢাকা-আশুলিয়া দ্বিতল সড়ক (এলিভেটেডে এক্সপ্রেসওয়ে) সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিতে নির্মাণের জন্য প্রাক-যোগ্যতা যাচাইয়ে দরপত্র ডাকা হয়েছে।
বিনিয়োগকারী নিয়োগ চূড়ান্ত হলে বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্প দুটির নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
কর্ণফুলীর নদীতে সুড়ঙ্গ নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, এজন্য ১২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের বিষয়টি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে। এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এ বছর শেষ হবে।
তিন কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ নির্মাণে ব্যয় হবে প্রায় চার হাজার ৫০০ কোটি টাকা। সময় লাগবে পাঁচ থেকে ছয় বছর।
সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পাহাড়ি-বাঙালি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সাংসদ মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা নির্ধারণী মামলায় এর মধ্যে যাবতীয় যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়েছে। আশা করা যায় চলতি বছরের মার্চের মধ্যে চূড়ান্ত রায় পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫৫ ঘ.
bdnews24