চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাবেক শিল্প সচিব ড. শোয়েব আহমদ।
বুধবার বেলা সোয়া ১২টা থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
অবশ্য সাক্ষী হিসেবে ড. শোয়েব নিরাপত্তার অভাব বোধ করছেন বলে আদালতকে অবহিত করেন। উড়োচিঠি এবং টেলিফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
গত ২৫ জানুয়ারি শোয়েব আহমেদ ১০ ট্রাক আটকের ঘটনায় করা অস্ত্র মামলায় সাক্ষ্য দিয়েছিলেন।
এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এ মামলার আসামি জামায়াতের আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক দুই গোয়েন্দা প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী ও আবদুর রহিমসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।
এই মামলার সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি সিইউএফএলের সাবেক জিএম (প্রশাসন) এনামুল হক অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।
তাদের আদালতে হাজির করানোর আগে আদালত প্রাঙ্গণে বেশকিছু জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মী স্লোগান দেওয়ার চেষ্টা করে। এ সময় আদালত প্রাঙ্গণ থেকে নয় শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
২০০৪ সালে ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবরুদ জব্দ করে পুলিশ।
সিইউএফএল শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআিইসি’র একটি প্রতিষ্ঠান।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র চোরাচালান মামলায় পৃথক দুটি মামলা করেন।
কয়েকদফা অভিযোগপত্র দেওয়ার পর পুনরায় অধিকতর তদন্ত শেষে গত বছরের ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র জমা দেয় তদন্ত কর্মকর্তা। এতে নিজামী-বাবরসহ ১১ জনকে নতুন করে অভিযুক্ত করা হয়। আসামিদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন ও উলফানেতা পরেশ বড়–য়া পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/১৫০৮ ঘ.
bdnews24