বরগুনা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের ওপর নির্যাতন সইতে না পেরে এক যুবক সৎ বাবাকে কুপিয়ে হত্যা করেছেন বলে নিজে পুলিশকে জানিয়েছেন।
মঙ্গলবার রাতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের আল-আমিন (৩৫) খুন হন।
বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, নিহতের সৎ ছেলে মিজানুর রহমান (২২) পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত আল-আমিনের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
হত্যার কথা স্বীকার করে মিজানুর রহমান থানায় সাংবাদিকদের বলেন, তার বাবা আবুল হাশেম মারা যাওয়ার পর তার মা শিউলী বেগম কয়েক বছর আগে বরগুনা পৌর এলাকার বড়ইতলা গ্রামের আল-আমিনকে বিয়ে করেন।
আল-আমিন ও তার মা খাজুরতলা তার নানার গ্রামের বাড়ি থাকতেন।
মিজানুর অভিযোগ করেন, বিয়ের পর থেকে তার মাকে আল-আমিন নির্যাতন করে আসছিলেন। এসব সহ্য করতে না পেরে মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি আল-আমিনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
বরগুনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সতীন্দ্র নাথ গাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টা ১০ মিনিটে আল-আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল তার স্বজনরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24