২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চার বছরে আসছে সারাদেশের ডিজিটাল মানচিত্র’

দেশের সঠিক ও বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো ডিজিটাল ভূ-প্রাকৃতিক মানচিত্র তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপের পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সঠিক ও বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপনের লক্ষ্যে প্রথমবারের মতো ডিজিটাল ভূ-প্রাকৃতিক মানচিত্র তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জরিপের পরিচালক। মঙ্গলবার বাংলাদেশ জরিপ কার্যালয়ে পরিচালক কর্নেল মাহমুদুন নবী সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ২০১৬ সালের মধ্যে এ মানচিত্র তৈরি হবে। এ ধরনের একটি মানচিত্র একবার প্রস্তুত করলে তা সরকার ও জনগণের অনেক কাজে আসবে বলে জানান তিনি। ভূমি উপরিস্থ সব ধরনের প্রাকৃতিক ও মানুষের তৈরি বস্তু বা স্থাপনার বিস্তারিত ও সঠিক লৈখিক অবস্থানের ভিত্তিতে তৈরি মানচিত্রই ভূ-প্রাকৃতিক মানচিত্র নামে পরিচিত। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান জাইকার প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তায় দেশের একমাত্র ভূ-প্রাকৃতিক মানচিত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জরিপ একশ ৮১ কোটি টাকা ব্যয়ে ডিজিটাল ভূ-প্রাকৃতিক মানচিত্র তৈরির এ প্রকল্প হাতে নেয় ২০০৭ সালে। এ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের জাপান ও থাইল্যান্ডে প্রশিক্ষণ নিতে হয়েছে বলে জানান কর্নেল নবী। ইতোমধ্যে এরিয়েল ফটোগ্রাফ ধারণসহ উপগ্রহের মাধ্যমে পাওয়া দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকার ছবিও (চিত্র) সংগ্রহের কাজ শেষ হয়েছে। প্রক্রিয়াধীন জাতীয় এ মানচিত্রটির স্কেল হবে ১:১২৫,০০০। বর্তমানে প্রচলিত মানচিত্রের স্কেল ধরা হয় ১:৫০,০০০ যা বৃটিশ শাসনের সময় গৃহীত হয়েছিল। পরিচালক মাহমুদুন নবী জানান, জাতীয় মানচিত্রের পাশাপাশি পাঁচটি বিভাগীয় শহরের প্রতিটির জন্য ১:৫,০০০ স্কেলে আলাদা পাঁচটি মানচিত্র তৈরি করা হবে। পাঁচটি বিভাগীয় শহর হলো- বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট। তিনি জানান, নয়শ ৫৪টি পাতার সমন্বয়ে জাতীয় মানচিত্রটি তৈরি হবে যা পরবর্তীতে অনলাইনে প্রকাশ করা হবে। গণজরিপ প্রশাসন বিষয়ক জাইকা বিশেষজ্ঞ দলের প্রধান উপদেষ্টা বকুরো উরাবে জানান, বাংলাদেশের যদি জাতীয় পর্যায়ের একটি মানচিত্র (ডিজিটাল ভূ-প্রাকৃতিক) থাকত তাহলে দেশটি ২০১০-১১ বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন বাবদ তিনশ ৭৪ কোটি টাকা বাঁচাতে পারত। সংক্ষিপ্ত পরিকল্পনা প্রণয়ন ও জটিল উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে এ ধরনের সংক্ষিপ্ত মানচিত্র বিশেষ সহায়ক বলে মন্তব্য করেন জাপানি এই জরিপ বিশেষজ্ঞ। “নাগরিক অবকাঠামোর পরিকল্পনায় একটি বিস্তৃত ডিজিটাল মানচিত্র অনেক জরুরি,” যোগ করেন উরাবে। বর্তমান মানচিত্রটি হালনাগাদ না করায় তা সঠিক নয়- এ মন্তব্য করে বাংলাদেশ জরিপের পরিচালক বলেন, “আমরা একবার পুরো পদ্ধতিটি অর্জন করলে ডিজিটাল ম্যাপ প্রয়োজনমাফিক সময়ে সময়ে হালনাগাদ করা যাবে।” তবে বাজেট ঘাটতি বা সমস্যার কারনে হালনাগাদের কাজ বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করিয়ে দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০০৪ সালে ঢাকা মহানগরের জন্য একটি বিস্তারিত মানচিত্র তৈরি করা হলেও তহবিল প্রতিবন্ধকতার জন্যে তা আর হালনাগাদ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/২৩৩৩ ঘ.