শেরপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক মো. আবুল কাশেম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার মেয়ে।
ঢাকার পান্থপথে হেলথ অ্যান্ড হোপ ক্লিনিকে শনিবার থেকে চিকিৎসাধীন এ ভাষা সৈনিকের বয়স ৮০ বছর।
ঢাকা নিয়ে যাওয়ার আগে শনিবার সকালে এ ভাষা সৈনিক অস্পষ্ট স্বরে সাংবাদিকদের বলেন, “সারাজীবন মানুষের জন্য কাজ করেছি এবং সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম।”
“এই মুহূর্তে আমার প্রত্যাশা দেশবাসী ঐক্যবদ্ধ থেকে যুদ্ধাপরাধীদের সব ষড়যন্ত্রের মোকাবেলা করুক। আমি যুদ্ধাপরাধীদের ঘৃণা করি, ঘৃণা করবই।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শেরপুর জেলা সভাপতি আবুল কাশেম গত বেশ কিছুদিন শেরপুর পৌরসভার কসবা কাঠগড় এলাকার বাড়িতে চিকিৎসা নেন।
তার মেয়ে কামরুন্নাহার পলি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বাবার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন।”
তিনি শ্বাসকষ্ট ও ফুসফুসে জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এখন তিনি কিছু খেতে পারেন না এবং কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এসেছে।
আবুল কাশেমের রাজনৈতিক সহকর্মী আরেক ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুর রশীদ সরকারের সার্বিক তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24