আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “হুমায়ুন ফরীদি ভাইকে একবার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সুমন ভাই ঠাট্টাচ্ছলে বলেছিলেন, ‘আপনি আল-বেরুনী হলের ক্যান্টিনে ৩১৯ টাকা বাকি রেখেছেন, শোধ করে যাবেন।
“জবাবে তিনি বলেন, ‘আমি এইটা শোধ করব না। সবাই বলে উঠল, কেন কেন? উনি তখন জবাবে বলেন, ‘এই ক্যান্টিন, হল, ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোর কাছে আমি আজীবন ঋণী থাকতে চাই’।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র হুমায়ুন ফরীদির এই কথার সাক্ষী ২২তম ব্যাচের (নৃবিজ্ঞান বিভাগ) ছাত্র বিজয় ফরহাদ। সোমবার হুমায়ুন ফরীদির মৃত্যুর খবর শোনার পর তিনি একথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।
বিজয় বলেন, “নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে ২০তম ব্যাচের ছাত্র (অর্থনীতি বিভাগ) সুমন ভাই ওই কথা জিজ্ঞেস করেছিলেন ফরীদি ভাইকে।”
“এখন আমাদের বলার পালা, বাংলাদেশের নাটক এবং অভিনয় জগত আপনার কাছে সবসময় ঋণী হয়ে থাকবে,” অগ্রজ স্মরণে বলেন বিজয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ও নাট্যকার সালাম সাকলাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরীদি ভাই খুবই রসিক মানুষ ছিলেন। আড্ডা প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।”
সালাম সাকলাইন ছিলেন বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের (বাংলা বিভাগ) ছাত্র। সেলিম আলদীনের সাহচর্যে ফরীদি যখন বাংলাদেশ গ্রাম থিয়েটার চট্টগ্রাম বিভাগের প্রধান ছিলেন, তখন তার সহকারী হিসেবে কাজ করেন সালাম।
তিনি বলেন, “হলে থাকাবস্থায় বিভিন্ন ধরনের মজার গল্প বলতেন ফরীদি ভাই। তিনি সদাচারী এবং আড্ডার মানুষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে যাত্রাদলের শিল্পী নাম লিখিয়েছিলেন তিনি। ঢাকা থিয়েটারের মঞ্চ নাটকে কাজের সময় তিনি সব সময় নতুন নতুন স্টাইল ও আঙ্গিক ব্যবহার করতেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/০০৫০ ঘ.
bdnews24