যশোর, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসন্তবরণ আর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে জমজমাট যশোরের গদখালি ফুলের হাট। গত চারদিনে এই হাটে সব মিলিয়ে অন্তত চার কোটি টাকার ফুল হাতবদল হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
যশোরের সদর, ঝিকরগাছা, শার্শা, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ৬০টি গ্রামে গত কয়েক বছর ধরেই বিভিন্ন জাতের ফুল চাষ করছেন কৃষকরা।
রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস, জারবেরা, জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকাসহ দেশি বিদেশি নানা জাতের ফুল বাণিজ্যিকভাবে চাষ করা সেখানে।
তবে ঝিকরগাছার গদখালীর কৃষকরা এই দেশে রীতিমতো ফুল চাষের বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ হচ্ছে সেখানে। এলাকার প্রায় ৫ হাজার কৃষক ফুল চাষে সরাসরি জড়িত।
ফুলচাষীরা প্রতিদিন তাদের খামারের ফুল বিক্রির জন্য নিয়ে আসেন গদখালি পাইকারি বাজারে। ব্যবসায়ী আর ফড়িয়ারা সেই ফুল কিনে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যান।
বসন্ত উৎসব ও ভালবাসা দিবসকে সামনে রেখে আরো দু’দিন আগে থেকে গদখালী এলাকায় ফুল বেচাকেনা জমে ওঠে। দেশের ফুল ব্যবসায়ীরা ছোটেন গদখালী।
ফুলের বাড়তি চাহিদার কারণে দামও বেড়ে গেছে এরই মধ্যে। প্রায় সব রকমের ফুলই দ্বিগুন দামে বিকোচ্ছে।
রোববার গদখালি বাজার ঘুরে দেখা গেছে, রজনীগন্ধা স্টিক ৬ টাকা, গোলাপ ৬/৭ টাকা, গ্ল্যাাডিওলাস ৮ থেকে ১২ টাকা, জারবেরা ১২ থেকে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাড়তি দামের হাওয়া লেগেছে গাঁদাফুলের গায়েও। দেড়শ’ টাকা হাজারের গাঁদাফুল এখন দু’শ’ টাকা। একশটি ক্যালেন্ডোলা দেড়শ’ টাকা ও রকস্টিকের দাম ২শ’ টাকা।
অথচ দু’দিন আগেও রজনীগন্ধা ৩ টাকা, গোলাপ সাড়ে ৩ টাকা, গ্ল্যাডিওলাস ৪/৫ টাকা এবং জারবেরা ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হত।
এই দাম বেড়ে যাওয়াকে আমলেই নিচ্ছেন না ব্যবসায়ীরা, ফুল কিনে নিয়ে যাচ্ছেন তারা।
গদখালি এলাকার হাড়িয়া গ্রামের ফুল চাষী শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে ফুলের বেচাকেনা বেশ ভাল। দু’দিনে তিনি দু’লাখ টাকার জারবেরা ও গ্ল্যাডিওলাস বিক্রি করেছেন।
কাগমারি গ্রামের ফুল চাষী রকিবুর রহমানও গ্ল্যাডিওলাস বিক্রি করেছেন দেড় লাখ টাকার। সৈয়দপাড়ার রমজান আলীর মতে, এবার বাজার ভাল। বেচাকেনাতেও তারা খুশি।
শুধু শাহজাহান কিংবাা রমজান আলী নন, গদখালি এলাকার প্রায় ৫শ’ ফুল চাষীর সকলেই কমবেশি ফুল বিক্রি করছেন।
গদখালি ফুলচাষী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বসন্ত বরণ ও ভালবাসা দিবস উপলক্ষে বাজার জমে ওঠায় দাম এবং বেচাকেনা দুটোই ভাল।
শনি ও রোববার দু’দিন ফুল বেচাকেনা হয়েছে প্রায় ২ কোটি টাকার। মঙ্গলবার পর্যন্ত বাজারের এই চাঙ্গা ভাব থাকবে ব্যবসায়ী ও চাষীরা আশা করছেন।
গদখালি এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবহাওয়া ভাল থাকায় ফুলের ফলন ভাল হয়েছে এবার।
এছাড়া এই অঞ্চলের অনেক কৃষক বাইরে থেকে ফুল চাষের প্রশিক্ষণও নিয়ে এসেছেন জানান আসলাম।
যশোরে গদখালি থেকে দেশের ৫৪টি জেলায় ফুল সরবরাহ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/০১১৭ ঘ.
bdnews24