ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজস্ব ফাঁকির মাধ্যমে অর্থ আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতি মামলায় চট্টগ্রাম কাস্টমসের দুই সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- সাবেক পরিদর্শক মিজানুর রহমান এবং সাবেক তত্ত্বাবধায়ক অনুকূল চন্দ্র বিশ্বাস।
মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৩০ মে রাজধানীর উত্তরা থানায় তাদের বিরুদ্ধে এ মামলা করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিরুল ইসলাম।
অভিযোগে বলা হয়, শুল্কমুক্ত কোটায় কাপড় আমদানি করে তা দিয়ে কাপড় তৈরি না করে দেশীয় বাজারে বিক্রি করে রাজস্ব ফাঁকির মাধ্যমে আসামিরা সরকারের ১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকা আত্মসাৎ করেন।
২০১১ সালের ২০ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক কমল কুমার রায় এই দুজনসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অন্য আসামিরা হলেন- সাবেক এপ্রেইজার আজিজুল হক শিকদার, আবদুস শহীদ ভূইয়া, সাবেক মুখ্য এপ্রেইজার একেএম শামসুল করিম (বর্তমানে মৃত), ভূয়া প্রতিষ্ঠান মার্ট গামের্ন্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুস সোবহান এবং রকিব তালুকদার, মাহবুবুর রহমান।
অভিযোগপত্রে বলা হয়, গাজীপুর জয়দেবপুরের মের্সাস মার্ট গার্মেন্টসের নামে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে শুল্কমুক্ত কাপড় আমদানি করে আসমিরা তা দেশি বাজারে বিক্রি করে দেয়। রাজস্ব ফাঁকি দিয়ে টাকা আত্মসাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/২২৫৫ ঘ.
bdnews24