ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষীদের সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে আইনমন্ত্রী বলেন, “সাক্ষীদের সুরক্ষায় একটি আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের পন্তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।”
এর আগে বিকাল পৌনে ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নেই
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে বাংলাদেশে সদ্য বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই। কারণ, অনির্বাচিত প্রতিনিধি দিয়ে রাষ্ট্রীয় শাসনকাজ পরিচালনা করা ঠিক না।
দালাল আইন বাতিলে বিচার হয়নি ৩৫ হাজারের
তারানা হালিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দালাল আইন বাতিলের আগে ৩৭ হাজার ৪৯১ জনের বিচার চলছিল। এর মধ্যে ৭৫২ জনের সাজা হয় এবং ২ হাজার ৯৬ জন খালাস পায়। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন এক অধ্যাদেশের (বাংলাদেশ কোলাবোরেটর স্পেশাল ট্রাইবুনাল রিপিল অর্ডিনেন্স ১৯৭৫) মাধ্যমে বাতিল হয়। এ সময় আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি ও চিফ মার্শাল ল এডমিনিস্ট্রেটর ছিলেন।
দালাল আইন বাতিলের কারণে ৩৪ হাজার ৬৪৩ জনের বিচার সম্ভব হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।
চালকের শাস্তি বাড়াতে উদ্যোগ
তারানা হালিমের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যোগাযোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে পেনাল কোড সংশোধন করে দোষী চালকের দণ্ড বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, বেপরোয়া যান চালনায় মৃত্যুর জন্য অপরাধীদের পেনাল কোডে দণ্ড দেওয়া হয়।
নিয়োগের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই
সুলতানা বুলবুলের এক প্রশ্নের জবাবে সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর আপাতত কোনো পরিকল্পনা নেই।
নুর-ই হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সাত জন সচিব ও একজন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োজিত রয়েছেন।
মৃতপ্রায় নদী ৯৭টি
শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, দেশের ওপর দিয়ে ৩০১টি নদী প্রবাহিত হয়েছে। এর মধ্যে নাব্যতা রয়েছে ২১২টি, মৃতপ্রায় ৯৭টি ও মৃত একটি।
ঢাকা চিড়িয়াখানায় প্রাণী প্রায় আড়াই হাজার
এক প্রশ্নের পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ জানান, বর্তমানে ঢাকা চিড়িয়াখানায় ৫৪ জাতের ৩৯৬টি স্তন্যপায়ী প্রাণী, ৫৭ জাতের ১ হাজার ২১৫টি পাখি, ২৫ প্রজাতির ৪৪৯টি সাছ এবং ৯ ধরনের ৬৬টি সরীসৃপ জাতীয় প্রাণী আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এসইউ/২০২৩ ঘ.
bdnews24