বাগেরহাট, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে সোমবার দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সকালে রামপাল উপজেলার তেঁতুলিয়া সেতু এবং দুপুরে বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে দুর্ঘটনা দু’টি ঘটে।
সিএন্ডবি বাজারে দুর্ঘটনার পর খুলনা-বাগেরহাট সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন, বাগেরহাট সদরের কাইটপাড়া গ্রামের উজ্জ্বল শেখ (৩০), বাগেরহাট শহরের খারদার এলাকার সোহেল কাজী (৩০) এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিন্নি গ্রামের আব্দুর রব বাহাদুর (৬০)।
বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে বাগেরহাট থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সিএন্ডবি বাজারে পৌঁছলে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী বাসটির পেছনে থাকা একটি মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়।
এতে ওই মোটরসাইকেলের চালক উজ্জ্বল ঘটনাস্থলে এবং খুলনায় চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়।
ঘটনার পর ওই সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
অপরদিকে বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে খুলনা থেকে মংলার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি পিকআপ খুলনা-মংলা সড়কে রামপালের তেঁতুলিয়া সেতুর কাছে পৌঁছে পথচারী আব্দুর রব বাহাদুরকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আব্দুর রব তখন রাস্তা পার হচ্ছিলেন। পিকআপটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০০৯ ঘ.
bdnews24