২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধজনের বইমেলা

চোখে দেখতে না পারলেও থেমে নেই দৃষ্টিপ্রতিবন্ধীরা। বইমেলায় অন্যদের মতোই আগ্রহ তাদের। কিন্তু এই মানুষগুলো চাহিদা মতো বই পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 07:25 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোখে দেখতে না পারলেও থেমে নেই দৃষ্টিপ্রতিবন্ধীরা। বইমেলায় অন্যদের মতোই আগ্রহ তাদের। কিন্তু এই মানুষগুলো চাহিদা মতো বই পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। “মানুষের যতোগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীতে যা কিছুকে ভালোবাসা সম্ভব তার মাঝে সবচেয়ে তীব্র ভালোবাসাটুকু হতে পারে শুধু মাতৃভূমির জন্য,”- কোনোকিছু না দেখে শুধু স্পর্শের অনুভূতিকে কাজে লাগিয়ে পড়ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী জান্নাতুল নাঈম। ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ব্রেইল পদ্ধতিতে লেখা মুহাম্মদ জাফর ইকবালের বই ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’-এর এই অংশ পড়ার সময় তাকে ঘিরে ছিলেন বইমেলার বেশ কয়েক দর্শক। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ‘স্পর্শ ব্রেইল কর্ণার’র স্টলে এবারো ব্রেইল পদ্ধতিতে লেখা নতুন দুটি বই এসেছে। নাট্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের আত্মজৈবনিক গ্রন্থ ‘নূরী কাহিনী’ ও ফয়েজ আহমেদের ‘আমার স্কুল’ বই দুটি পেয়ে অনেক খুশি দৃষ্টিপ্রতিবন্ধী এসব মানুষ। তাদের জন্য আসছে হাসির বইও। ব্রেইল পদ্ধতিতে হুমায়ূন আহমেদের ‘বোতল ভূত’ এবং শিশু সাহিত্যিক এখলাসউদ্দিন আহমেদের ‘কেঁদোর গল্প’ আনছে আবসর প্রকাশনী। এ বইগুলো ব্রেইলে রূপান্তরের জন্য প্রকাশনা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পর্শ ব্রেইল কর্ণার’ এর প্রতিষ্ঠাতা নাজিয়া জাবিন বলেন, এগুলো তাদের চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সরকারিভাবে পাঠ্যবইগুলো ব্রেইল করে সরবরাহ করা হলেও বিনোদন কিংবা মননশীল কোনো বই প্রকাশ হয় না বলে অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাজিয়া বলেন, “এদেশে দৃষ্টিহীন মানুষ একেবারে কম নয়। তারা শুধু পাঠ্য বইয়ের মধ্যে আটকে থাকতে চায় না। ওরা হুমায়ূন আহমেদ পড়তে চায়, জাফর ইকবাল পড়তে চায়। “কিন্তু দুর্ভাগ্য ওদের মনের জানালা খুলে দেওয়ার জন্য এই চাহিদা মেটানোর ন্যূনতম উদ্যোগও নেই।” নাজিয়া বলেন, বাংলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিনোদনমূলক কোনো বই নেই চিন্তা থেকেই তিনি প্রথম ‘ছড়ার তালে মনটা দোলে’ বইটি ব্রেইলে রুপান্তর করেন। তারপর আনেন গল্পগ্রন্থ ‘বিনির সাথে পুতুল বিয়ে’। ২০০৯ সালে ‘স্পর্শ ব্রেইল কর্ণার’ প্রতিষ্ঠার পরের বছর বইমেলায় অংশগ্রহণের পর থেকে এ বিষয়ে কিছুটা সাড়া পাওয়া যায় জানিয়ে নাজিয়া বলেন, “বইমেলায় আমাদের স্টল দেখে ব্রেইলবুক প্রকাশের বিষয়ে প্রথম এগিয়ে আসেন প্রকাশনা সংস্থা ‘সাহিত্য প্রকাশ’-এর কর্ণধার মফিদুল হক। তার প্রচেষ্টাই এর পর আরো কয়েকটি বই ব্রেইলে প্রকাশিত হয়।” ড. হালিমা খাতুনের ‘পাখির ছানা’, মফিদুল হক ও হায়াৎ মামুদ অনূদিত হান্স ক্রিশ্চিয়ান আন্দারসেন এর ‘কাহিনী পঞ্চাশৎ’, সৈয়দ শামসুল হকের ‘চালতা লেবু’, আলী ইমামের ‘ছোটদের বিজ্ঞান পিডিয়া’, কবীর চৌধুরী সম্পাদিত ‘বাংলাদেশের লোক ছড়া’, ফেরদৌসী মজুমদারের ‘পাথরের স্যুপ’ ইত্যাদি বই ব্রেইলে রূপান্তর হয়েছে বলে জানান তিনি। সাহিত্য প্রকাশের পর মুহাম্মদ জাফর ইকবাল, ফেরদৈসী মজুমদারসহ অবসর প্রকাশের ঝর্ণা রহমানও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসেন বলে জানান নাজিয়া। অ্যাডর্ন পাবলিকেশন্সও আগামী বছর একটি বই ব্রেইলে রূপান্তর করতে চেয়েছে বলে জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে তিন লাখের বেশি দৃষ্টিপ্রতিবন্ধী আছে বলে জানান যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ফর দ্যা ব্লাইন্ড এর অলাভজনক সংগঠন সাইটসেভার্স এর কর্মী দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ রাসেল। বর্তমানে বাংলাদেশে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের সংখ্যা কতো জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ জরিপ হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশে বর্তমানে প্রতিবন্ধী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আনুমানিক ১ দশমিক ৩৫ শতাংশ যা তিন লাখের বেশি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/০১২০ ঘ.