২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবেই হোক, খুনি ধরা হবে: মন্ত্রী

সাংবাদিকদের আন্দোলনের হুমকির মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার প্রতিশ্রুত সময়ের আগেই সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের ধরা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে রাজি না হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তার প্রতিশ্রুত সময়ের মধ্যেই খুনিদের ধরা হবে। এ হত্যার রহস্য ‘শিগগিরই’ উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারও। রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, ইতোমধ্যে সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। “যেভাবেই হোক ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার হোতাকে ধরা হবে। আশা করি, তাদের ধরা পড়তেই হবে”, বলেন সাহারা। শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। শনিবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করার পর ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। এরপর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এ রহস্যের কিনারা করতে না পারায় রোববার সকালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, বাকি ২৪ ঘণ্টার মধ্যে খুনি গ্রেপ্তার না হলে তারা আন্দোলনে যাবেন। এই ২৪ ঘণ্টায় তদন্তের অগ্রগতি জানতে চাইলে সাচিবালয়ের সামনে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “তদন্ত চলাকালীন এ বিষয়ে কিছু বলবো না।” সাহারা খাতুন বলেন, “তাৎক্ষণিকভাবেই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন, ডিবি, র‌্যাব, সিআইডি এ বিষয়ে কাজ করছে। আমরা আশাবাদী, খুব তাড়াতাড়িই সফল হব।” একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এ বৈঠক শেষে সাংবাদিকদরে প্রশ্নের জবাবে আইজিপি হাসান মাহমুদ খন্দকারও বলেন, “এ হত্যা রহস্য শিগগিরই উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি আমরা।” আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে মারধরের ঘটনায় পলিশের দুই উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। “ওই ঘটনা তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে”, বলেন তিনি। রাকিবের পরিবারের অভিযোগ, বিনা অপরাধে গুলশান এলাকায় পুলিশ তাকে শনিবার তিন ঘণ্টা থানায় আটকে রেখে নির্যাতন করে। এ লেভেলের ছাত্র ১৯ বছর বয়সী রাকিব বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। সারাদেশে একুশে ফেব্র“য়ারি উদযাপনে সময় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ ব্যাপারে তৎপর রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪৪০ ঘ.