ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে মন্দির ভাংচুর-আগুন এবং হিন্দুদের বাড়ি-ঘর এবং দোকানপাটে হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হল থেকে ছাত্রদের মিছিল বের হয়। মিছিলটি শাহবাগের দিকে যেতে চাইলে চারুকলা অনুষদের সামনে এতে বাধা দেয় পুলিশ। ছাত্রলীগ নেতাদেরও তখন সেখানে দেখা গেছে।
এরপর মিছিলটি ক্যাম্পাসে ফিরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মুসলিম বাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ধর্মের শিক্ষার্থীরা জগন্নাথে থাকেন।
বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত হাটহাজারীতে অন্তত চারটি মন্দির ভাংচুর হয়। আগুন দেওয়া হয় একটিতে। এতে জামায়াতে ইসলামীর ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সমাবেশে জগন্নাথ হলের শিক্ষার্থী মানিক রক্ষিত বলেন, বৃহস্পতিবার সকালে মন্দিরে হামলা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় পরবর্তীতে একের পর এক ঘটনা ঘটেছে।
“মৌলবাদী একটি গোষ্ঠী বারবার হিন্দুদের মন্দিরে হামলা চালাচ্ছে। এক্ষেত্রে প্রশাসন হিন্দুদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে,” বলেন তিনি।
সমাবেশে মন্দিরে হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মন্দিরে হামলার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচিও ঘোষণা করেন মানিক।
এদিকে জগন্নাথের ছাত্রদের মিছিলে বাধা দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা শাহবাগ গেলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই তাদের ক্যাম্পাসের মধ্যে মিছিল করতে বলা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১২৫৩ ঘ.
bdnews24