২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মিলনের আনন্দে শোভাযাত্রা শাবিতে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন এ শোভাযাত্রার উদ্বোধন করেন। ক্যাম্পাসের প্রধান সড়কগুলো ঘুরে লাইব্রেরি ভবনের সামনে এসে শেষ হয় এ শোভাযাত্রা। এ সময় নেচে-গেয়ে পুনর্মিলনের আনন্দ প্রকাশ করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ‘শেষ দেখার পর আবার...’ এই শ্লোগান নিয়ে তিন দিনব্যাপী এ পুনর্মিলন উৎসব শুরু হয় বৃহস্পতিবার। উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাস গুপ্ত জানান, বৃহস্পতিবার উৎসব শুরু হয়ে গেলেও রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত শুক্রবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিকে পুনর্মিলনী উৎসবের দ্বিতীয় দিনেও চলছে নিবন্ধন কার্যক্রম। বিতরণ করা হয়েছে স্যুভেনির ও উপহার সামগ্রী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর আয়োজনে সকাল থেকেই চলছে রক্তদান কর্মসূচি। সন্ধ্যায় থাকছে ‘নগরবাউল’ জেমসের কনসার্ট। এর আয়োজনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল রিম ও নোঙর। উৎসবের নিয়মিত আয়োজনে শুক্রবার থাকছে ‘জব ফেয়ার’, কার্টুন প্রদর্শনী, জ্যোতির্বিদ্যা সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী, সাধারণ আলোকচিত্র প্রদর্শনী, মুখোশ ও গ¬াস পেইন্ট প্রদর্শনী। উৎসবের শেষদিন শনিবার থাকছে গ্র“প ফটো সেশন, রম্য বিতর্ক এবং সোলস, ওয়ারফেইজ ও সারকেল অব ফিফথ ব্যান্ডের পরিবেশনায় কনসার্ট। রাতে র‌্যাফেল ড্র-এর মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ উৎসব। উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার ক্যাম্পাস মাতিয়ে যান কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। সঙ্গে ছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনাও। দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর ১৯৯১ সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর ২০ বছর পর এটাই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলন উৎসব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৫১৭ ঘ.