নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিনের ‘দুর্নাম’ ঘুচিয়ে জনগণের আরো কাছে আসতে ‘মননশীলতার’ পথে হাঁটছে বাংলাদেশ পুলিশ। এ বাহিনীর সদস্যদের লেখা বই নিয়ে পুলিশের পক্ষ থেকে একুশে বইমলোয় একটি স্টলও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ওই স্টলেই ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলামের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “ব্যস্ত এই মেলায় পুলিশের স্টলটি বিপুল সংখ্যক দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করেছে।”
“জনসাধারণ ও পুলিশের মধ্যে দূরত্ব কমিয়ে সেতুবন্ধন রচনা করাই এ উদ্যোগের উদ্দেশ্য”, যোগ করেন মনিরুল।
গত দুই বছরে রমনা বটমূলে বাংলা নববর্ষ আয়োজনে পুলিশের অংশগ্রহণের কথা উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের এই উপ-কমিশনার বলেন, “বইমেলায় আমরা নতুন হলেও আমাদের সৃষ্টিশীলতা নতুন নয়।”
গত বছর বিজয় দিবসের আগে পুলিশের পক্ষ থেকে একটি উন্মুক্ত কনসার্ট আয়োজনও কথাও মনে করিয়ে দেন মনিরুল।
বইমেলায় পুলিশের স্টলে দায়িত্বরত উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, তারা প্রতিদিন গড়ে ১৫ হাজার টাকার বই বিক্রি করছেন।
“আমাদের স্টলে ১০০টি বই রয়েছে। এর মধ্যে ৫০টিই আমাদের সহকর্মীদের লেখা,” গর্বের সুরে বলেন ডিএমপি প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক জাহাঙ্গীর।
পুলিশ সদস্যদের লেখা বইয়ের পাশপাশি এ স্টলে স্থান পেয়েছে পুলিশ আইন সংক্রান্ত বই, নিউজ বুলেটিন এবং এ বাহিনীর বিভিন্ন সাময়িকি।
জাহাঙ্গীর বলেন, “পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারণকে জানানোও আমাদের এ আয়োজনের লক্ষ্য।”
“এর মাধ্যমে আমরা নাগরিকদের এই বার্তা দিতে চাই যে- পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশের অবস্থান জনসাধারণের খুব কাছেই, আমাদের কাজ জনগণের সেবা করা”, যোগ করেন তিনি।
ইতিবাচক সাড়া
বইমেলায় পুলিশের স্টল দেখে ‘মুগ্ধ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাউফুন নাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুলিশরাও যে বই লেখার সময় পেতে পারে, তা আমার ধারণাতেই ছিল না। খুবই ভাল লেগেছে, আমি একটি উপন্যাস কিনেছি।”
পুলিশের এ উদ্যোগ ‘ইতিবাচক’ বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানও।
“এটা জনগণ ও পুলিশের আস্থার সম্পর্ককে এগিয়ে নিতে সহায়ক হবে।”
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১০ সালের একটি জরিপ অনুযায়ী, বাংলাদেশের মানুষ পুলিশকেই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা বরে মনে করে।
ইফতেখারুজ্জামান মনে করেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ বিভাগ সম্পর্কে তথ্যের অপ্রতুলতা একটি বড় বাধা।
মেলায় অংশগ্রহণের পাশাপাশি পুলিশের সেবার মানও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/জেকে/১১৫০ ঘ.
bdnews24