২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় ভিড় কমলেও সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতা

অমর একুশে বইমেলার অষ্টম দিনে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হলেও বই বিক্রিতে সন্তুষ্ট ছিলেন বিক্রেতারা। আর ভিড় কম হওয়ায় খোলামেলা পরিবেশে বই দেখতে পেরে খুশি ক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 06:51 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে বইমেলার অষ্টম দিনে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হলেও বই বিক্রিতে সন্তুষ্ট ছিলেন বিক্রেতারা। আর ভিড় কম হওয়ায় খোলামেলা পরিবেশে বই দেখতে পেরে খুশি ক্রেতারা। অন্যান্য দিনের মতো বুধবার বিকাল ৩টায় মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলেও দর্শনার্থীদের ভিড় তেমন একটা চোখে পড়েনি। তারপরেও অনেকেই আসেন একটু নির্বিঘেœ বই দেখতে বা কিনতে। ভিড় কম থাকায় তারা স্বচ্ছন্দে ঘুরে ঘুরে পচ্ছন্দের বই সংগ্রহ করেন। ভিড় কম থাকায় খুব আনন্দিত ছিলেন মিরপুরের সৈয়দ হাসানুল জামান। “আজ ভিড় কম হওয়ায় একটু মুক্তভাবে মেলা দেখতে পারছি। বই দেখছি, সন্ধ্যায় ফেরার সময়ে কিছু বই কিনে ফিরবো,” বলেন তিনি। চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলেয়া পারভিনের সঙ্গে কথা হয় সময় প্রকাশনীর স্টলের সামনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতিবছরই মেলায় আসি। তবে এবছর আজই প্রথম এলাম।” “মূলত নারী ও ধর্ম বিষয়ক বই খুঁজছি। ভিড় কম থাকায় কোনো সমস্যা হচ্ছে না,” বলেন আলেয়া। বই কেনা ছাড়াও অনেকে আসেন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। এমনই কয়েকজনের সঙ্গে কথা হয় বর্ধমান ভবনের পেছনে ‘লিটিল ম্যাগ চত্বরে’। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী আরমান আযম বলেন, “কর্মব্যস্ত শহরে বিনোদনের তেমন কোনো জায়গা নেই। বছরের এ সময়টা এলেই বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির কিছুটা সময় পাওয়া যায়। সেইসঙ্গে বইও কেনা হয়।” কবিতাভক্ত নীলাদ্রী সাহা বলেন, “বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পরে ক্যাম্পাস জীবনের সময়টা খুব ‘মিস’ করি। বইমেলায় সেই ফেলে আসা দিনগুলিতে আমাদের কিছুটা হলেও ফিরিয়ে নেয়। এ কারণেই প্রতিবছর তীর্থের কাকের মতো ফেব্র“য়ারির অপেক্ষা করি।” এদিন মেলায় লোক সমাগম কম হলেও বই বিক্রিতে সন্তোষ প্রকাশ করেন বিক্রেতারা। সময় প্রকাশনীর বিক্রেতা প্রতিনিধি মো. আলীম বলেন, “আজ ভিড় কিছুটা কম হলেও বিক্রি বেশ।” মঙ্গলবার পর্যন্ত মেলায় তাদের ২০টি বই এসেছে জানিয়ে তিনি বলেন, “আগামী শুক্রবার মেলায় মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘রুপ রুপালীর গল্প’ আসছে। বইটির জন্য অনেকেই অপেক্ষায় আছে।” ঐতিহ্য প্রকাশের মিছিল খন্দকার বলেন, “ঢাকার কর্মব্যস্ত দিন হওয়ায় অন্যান্য দিনের মতো তত ভিড় নেই। তবে ভালো সাড়া পাচ্ছি।” তিনটি নতুন বই প্রকাশের কথা জানিয়ে তিনি বলেন, “আগামী কাল মুসা ইব্রাহিমের ‘মিশন বাংলাদেশ ও কিলিমানজারো’ মেলায় আসছে।” মাওলা ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমেদ মাহবুবুল হক বলেন, “ছুটির দিনগুলোতে আরো অনেক মানুষ আসবে।” বিভাস প্রকাশনীর বিক্রেতা প্রাণ শংকর রায় বলেন, “বিকাল পর্যন্ত ভিড় তুলনামুলক কম হলেও এখন পর্যন্ত আমরা অনেক ভালো সাড়া পেয়েছি।” বুধবারের বই বুধবার বইমেলায় মোট ৮৪টি বই প্রকাশ হয়। এর মধ্যে গল্প ৯টি, উপন্যাস ১৩টি, প্রবন্ধ ৮টি, কবিতা ১৬টি, গবেষণা গ্রন্থ ৫টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ১টি, রাজনীতি ৪টি, স্বাস্থ্য ১টি, রম্যরচনা ২টি,অনুবাদ ১টি, বৈজ্ঞানিক কল্পকাহিনী ১টি এবং অন্যান্য ১০টি বই রয়েছে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ঐতিহ্য থেকে প্রকাশিত বুলবুল সারোয়ারের অনুবাদ ‘গ্যালিগাই’, নালন্দা থেকে প্রকাশিত আন্দালিব রাশদীর মুক্তিযুদ্ধভিত্তিক ‘বিদেশির চোখে ১৯৭১’, রামেন্দ্র মজুমদারের নাটক থিয়েটার বর্ষ-৩, অনিন্দ্য প্রকাশ থেকে দ্বিজেন শর্মার জীবনীগ্রন্থ ‘এক সার্জনের আত্মকথা’, অ্যাডর্ন পাবলিকেশন থেকে বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘নীলাঙ্গুরীয়’, অন্বেষা থেকে আহসান হাবীবের শিক্ষামূলক বই ‘এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের’, ঝিঙেফুল থেকে নাসরীন মুস্তফার বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ক্ষুদে বিজ্ঞানী’, সময় থেকে মাহমুদ দিদারের গবেষণাধর্মী বই ‘আধুনিক বাংলা নাম অভিধান’ ইত্যাদি। বুধবারের সেমিনার বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত সেমিনারে ভাষা-সংগ্রামী আলতাফ মাহমুদ, রমেশ শীল ও আবদুল লতিফকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে কামাল লোহানী, মাহমুদ সেলিম ও সাইম রানা। প্রাচীন লোকগানের সংগ্রাহক রামকানাই দাশের সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। রামকানাই দাশ বলেন, “এই তিন মহান শিল্পী ভাষা সংগ্রামেই শুধু গতি আনেনি, শোষণ থেকে বাংলা ভাষীদের মুক্ত করার সংগ্রামেও ছিলেন আমৃত্যু প্রত্যয়ী।” সন্ধ্যায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন শিল্পী লতিফ সাঁই, রুশিয়া খানম, আরজ আলী বয়াতি, রনজিৎ দাস বাউল, মমতা দাসী বাউল, কোহিনুর আক্তার গোলাপী, টুনটুন সাধু ও এএইচএম সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/০০৪৫ ঘ.