চাঁদপুর, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে গণমিছিলে দুই বিএনপিকর্মী গুলিতে নিহত হওয়ার ঘটনায় পুলিশ জড়িত নয় দাবি করেছে।
ওই ঘটনার ১০ দিন পর বুধবার বিকালে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী এ দাবি করেন।
তিনি বলেন, “২৯ জানুয়ারি চাঁদপুর শহরে পুলিশের গুলিতে নয়, অন্য কারো ক্ষুদ্র অস্ত্রের আঘাতে দু’জন মারা গেছেন। নিহত দু’জনের পোস্টমর্টেমের রিপোর্ট থেকে এটা নিশ্চিত হওয়া গেছে। অতি ক্ষুদ্রাকৃতির কোনো আগ্নেয়াস্ত্রের মাধ্যমে খুব কাছ থেকে তাদের গুলি করা হয়েছে।”
উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, গুলিতে যারা নিহত হয়েছে তাদের দেহে আঘাতের চিহ্ন হচ্ছে এক দশমিক পাঁচ সেন্টিমিটার। এটি পিস্তল বা রিভলবার জাতীয় কোনো অস্ত্র থেকে ছোড়া হয়েছে, যা ওই সময় পুলিশ ব্যবহার করেনি।
তিনি আরো বলেন, কাদের গুলিতে এ দু’জন মারা গেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
পুলিশ সুপার বলেন, ঘটনার পর বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়েছিল পুলিশের গুলিতে দু’জন মারা গেছে। ওইদিনের সেই ঘটনার প্রকৃত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
তিনি বলেন, বিএনপি’র দু’গ্র“প ও জামায়াত-শিবির কর্মীরা আধিপত্য বিস্তারের জন্য নিজেরা দাঙ্গাহাঙ্গামায় লিপ্ত হয়ে পরস্পরের সঙ্গে মারামারি ও গোলাগুলি শুরু করে। তাদের গোলাগুলিতে ১ জন মিছিলকারী মাঠে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়।
“এছাড়া দাঙ্গাকারীদের পুলিশ নিয়ন্ত্রণে আনতে চাইলে মিছিলকারীরা চারদিক থেকে পুলিশের উপর বৃষ্টির মতো ইট-পাটকেল ও বোমা-ককটেল ছুড়ে মারে। ওই সময় মিছিলকারীরা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাংচুরের পাশাপাশি দায়িত্বরত নারী পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে।”
এর আগে ২ ফেব্র“য়ারি রাতে সংঘর্ষের ঘটনায় দু’দিনের তদন্ত শেষে চাঁদপুর সার্কিট হাউসে চট্টগ্রামের ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের বলেছিলেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও পুলিশের সংঘর্ষের সময় গুলি না চালালে আরো লাশ পড়ত। তবে কে, কেন, কার নির্দেশে এবং কী পরিস্থিতিতে গুলি করা হয় তার তদন্ত এখনো শেষ হয়নি।
ঘটনার দিন সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন মজুমদার বাদী হয়ে বিস্ফোরক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
গুলিতে নিহত লিমন, আবুল হোসেন মৃধা এবং বিএনপি-জামায়াতের ৫৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ হাজার জনকে মামলায় আসামি করা হয়।
এদিকে নিহত আবুল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম মনি বাদী হয়ে ১ ফেব্র“য়ারি চাঁদপুরের আদালতে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে ওইদিনের ঘটনায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের নাম উল্লেখ করা হয়।
নিহত আবুল হোসেন মৃধা চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য ও লিমন ছৈয়াল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিল বলে জেলা বিএনপি’র পক্ষ থেকে দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫৬ ঘ.
bdnews24