চট্টগ্রামে শিবিরের আধাবেলা হরতাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে দুই কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীতে আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে দুই কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীতে আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্রশিবিরের মহানগর উত্তর কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।”
বুধবার দুপুরে ইসলামের ইতিহাস বিভাগের নবীনবরণের দাওয়াপত্র বিলি করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে প্রক্টর ড. নাসিম হাসানসহ উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মো. মুজাহিদ এবং ইংরেজি বিভাগের মাসুদ বিন হাবিব নিহত হন। তাদের দুজনই ইসলামী ছাত্রশিবিরের কর্মী।
এ ঘটনায় পুলিশ ক্যাম্পাস থেকে ১০ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।
এর প্রতিবাদে ছাত্রশিবিরের মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আধাবেলা হরতাল ডেকেছে উল্লেখ করে মোহাম্মদ ইসমাইল বলেন, এতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখারও সমর্থন রয়েছে।
নগর জামায়াতের আমীর সাংসদ আ ন ম শামসুল ইসলামও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৯৪৫ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
• সংঘর্ষের পর চবি ‘বন্ধ’, হল ছাড়ার নির্দেশ
