চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী নিহত হওয়ার পর ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. আনোয়ারুল আজিম নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে ছেলেদের হল এবং বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে মেয়েদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।”
এছাড়া আগামী ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান উপাচার্য।
বুধবার দুপুরে ইসলামের ইতিহাস বিভাগের নবীনবরণের দাওয়াপত্র বিলি করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে প্রক্টর ড. নাসিম হাসানসহ উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মো. মুজাহিদ এবং ইংরেজি বিভাগের মাসুদ বিন হাবিব নিহত হন। তাদের দুজনই ইসলামী ছাত্রশিবিরের কর্মী।
এ ঘটনায় পুলিশ ক্যাম্পাস থেকে ১০ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
উপাচার্য বলেন, “সংঘর্ষ শুরুর সঙ্গে সঙ্গেই চট্টগ্রামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। কিন্তু শহর থেকে বিশ্ববিদ্যালয় দূরে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অঘটন ঘটে যায়।”
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় সিন্ডিকেটের সভা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাতটি এবং মেয়েদের তিনটি হল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৪০ ঘ.
bdnews24