২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা জেলা পরিষদের ৮টি প্রকল্পে স্থগিতাদেশ

ঢাকা জেলা পরিষদের ৮টি প্রকল্পে দরপত্রের পরবর্তী কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা পরিষদের ৮টি প্রকল্পে দরপত্রের পরবর্তী কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই আদেশ দেয়। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সকালে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী রিট আবেদনটি করেন। আদালত একই সঙ্গে এ সব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণে সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে জন প্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দিয়েছে। এই কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুর কৌশল বিভাগের একজন অধ্যাপক, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে রাখতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে এই কমিটিকে আদালতে প্রতিবেদন দিতে হবে। আদালত একই সঙ্গে দরপত্রগুলোর কার্যক্রম থেকে ঢাকা কালেক্টরেট ভবনের ডেপুটি কমিশনার, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে। জন প্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী, ঢাকা কালেক্টরেট ভবনের ডেপুটি কমিশনার, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড পল খন্দকার ও সহকারী প্রকৌশলী মো. মোখলেসুর রহমানকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু শুনানি করেন। ২০১১-১২ সালের ১ থেকে ৮ নম্বর দরপত্রের মাধ্যমে এই আট দরপত্র আহ্বান করা হয়। মনজিল মোরসেদ বলেন, এই আটটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকার বেশি। সাভার, কেরানীগঞ্জ, ধামরাই, নবাবগঞ্জ, দোহার, তেজগাঁও সার্কেলের বিভিন্ন স্কুল, কলেজ, সড়ক, মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কাজে এ সব প্রকল্প নেওয়া হয়। “এক নম্বর দরপত্রে দক্ষিনখান এলাকার চৈতি গার্মেন্ট থেকে গণকবর-আমমেরি গার্মেন্টস হয়ে নদী পর্যন্ত সুয়ারেজসহ রাস্তা পাকা করার একটি কাজ দেওয়া হয়। যার মোট ব্যয় ধরা হয় ৪৯ লাখ টাকা। ৩ নম্বর দরপত্রে একই কাজের জন্য ৪০ লাখ টাকার নতুন প্রকল্প দেখানো হয়।” তিনি যোগ করেন, “ঢাকা অফিসার্স ক্লাবের একটি অংশে গ্রিল দিয়ে সীমানা প্রাচীর দেওয়ার একটি কাজেও দুইবার আলাদাভাবে প্রকল্প দেখিয়ে প্রাক্কলিত ব্যয়ের হিসাব দেখানো হয়েছে। ব্যয়ও দেখানো হয়েছে অনেক বেশি। এ সব প্রকল্পের দুর্নীতি নিয়ে পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৭১২ ঘ.