সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন।
বুধবার সকালে স্থানীয় ‘দৈনিক কলম সৈনিক’ পত্রিকা কার্যালয়ে এ হামলা হয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হামিদ এবং দেওয়ান ইউসূফ রাজুকে আটক করেছে পুলিশ।
আহত ইসরাইল হোসেন বাবুকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসরাইল হোসেন বাবু বলেন, দৈনিক কলম সৈনিক পত্রিকায় সিরাজগঞ্জ প্রেসক্লাব বিরোধী একটি অসত্য সংবাদ প্রকাশ করায় বিষয়টি নিয়ে কথা বলতে সকালে তিনি ওই পত্রিকার কার্যালয়ে যান। এ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হামিদের নেতৃত্বে তার উপর হামলা করা হয়।
হামলায় বাবুর মাথা ফেটে যায়। এলাকাবাসী এসে তাকে ক্লিনিকে নিয়ে যায়।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক সোহায়বুর রহমান বলেন, সাংবাদিককে মারধরের অভিযোগে তাৎক্ষণিকভাবে দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে হামলার প্রতিবাদে দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে জরুরি প্রতিবাদ সভা হয়েছে।
প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম ফিলিপস, দৈনিক আমার দেশ’র প্রতিনিধি শরিফ আহমেদ ইন্না, আজকালের খবরের মাসুদ রানা ওয়াসিম, চ্যানেল আই’র ফেরদৌস রবিন, বিটিভির গাজী এএইচ ফিরোজী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল হামিদ খান হীরা, খ. ম. একরামুল হক, দৈনিক ইত্তেফাকের ফজল এ খোদা লিটন, সময় টিভির হীরক গুন, আরটিভির সুকান্ত সেন, দিগন্ত টিভির নুরুল ইসলাম রইসী প্রমুখ।
বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24