২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের বেশি আগে মিলবে না রেলটিকিট

আগে ১০ দিন আগে কেনা গেলেও এখন তিন দিনের বেশি সময় আগে রেলের টিকিট বিক্রি হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগে ১০ দিন আগে কেনা গেলেও এখন তিন দিনের বেশি সময় আগে রেলের টিকিট বিক্রি হবে না। টিকিট কালোবাজারি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন। মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ই-টিকেটিং অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে টিকেট বিক্রির প্রক্রিয়া দ্রুত চালু করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ ফেব্র“য়ারি থেকে তিন দিনের বেশি দিন পরের টিকিট বিক্রি হবে না। এক জন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবে। সুরঞ্জিত বলেন, “টিকেট বিক্রি নির্ঝঞ্ঝাট ও সহজলভ্য করতে এবং কালোবাজারি নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” টিকিট কালোবাজারি রোধে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কেনার প্রস্তাব রয়েছে। মন্ত্রী বলেন, “এই বিষয়টির সুবিধা-অসুবিধা রয়েছে। তাই পরীক্ষা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।” রেলের ভাড়া কম হওয়াই কালোবাজারির জন্য দায়ী বলে মনে করেন সুরঞ্জিত। তিনি বলেন, গত ২০ বছর ধরে রেলের ভাড়া না বাড়ানোয় বাজারের অন্যান্য পরিবহনের সঙ্গে ভাড়ার পার্থক্য বেড়েছে। ফলে বিভিন্ন স্থানে টিকিট কালোবাজারির খবর পাওয়া যাচ্ছে। “রেলের ভাড়া কম রেখে কালোবাজারি বন্ধ করাও সম্ভব নয়,” বলেন রেলমন্ত্রী। রেলের ভাড়া বাড়ানো হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে চাই।” বর্তমানে রেলের সংস্কার কর্মসূচিতে ২২ হাজার কোটি টাকার ৩৪টি প্রকল্প চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আরো ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার আলোচনাও চলছে। সেবার মান বাড়ানোর পাশাপাশি রেলের ৭৫০ কোটি টাকা লোকসানের বোঝা কাটানোর পরিকল্পনা নিয়ে এগোনোর কথাও বলেন তিনি। ঢাকার যানজট কমাবে রেল ঢাকার যানজট কমাতে রেলপথ বিস্তৃত করার বিকল্প নেই উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটে আরো দুটি ট্রেন বাড়ানো হবে, পুরনো ট্রেনগুলো সংস্কার করে এ রুটে চালানো হবে। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটে তৃতীয় ও চতুর্থ লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতীয়রা আগ্রহ প্রকাশ করেছে, এ মাসেই একটি ইতিবাচক ফল পাওয়া যাবে। এসব উদ্যেগ সফল হলে ঢাকার যানজট কমবে বলে মনে করেন সুরঞ্জিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/এমআই/১৫৪৫ ঘ.