বরিশাল, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ ও ‘সারেগামাপা’র বরিশাল অঞ্চলের বাছাইপর্ব সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল থেকে বরিশাল বাঁধ রোডের একটি রেস্টুরেন্টে প্রায় তিনশ’ প্রতিযোগী এই বাছাইয়ে অংশ নেয় বলে জানান আয়োজক সংস্থা গ্রিন এসেন্স কর্মকর্তা মো. আতিকুর রহমান।
‘মীরাক্কেল’ ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জি বাংলার’ এবং ‘সারেগামাপা’ বাংলাদেশের একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান।
আতিকুর জানান, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ এর বাছাইপর্বে বিজয়ীরা পরবর্তী রাউন্ডে অংশ নিতে ভারতের পশ্চিমবঙ্গে যাবে। অন্যদিকে সারেগামাপা’য় ইয়েস কার্ডপ্রাপ্ত ১৭ জন ঢাকা যাবেন।
মীরাক্কেলের বাছাই পর্বে প্রধান পরিচালক শুভঙ্কর চট্রোপাধ্যায়, জি বাংলার ক্রিয়েটিভ প্রধান সুদীপ্ত ভৌমিক, নির্বাহী পরিচালক নবনীতা সেন, অভিষেক চট্রোপাধায়, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার এর নির্বাহী প্রযোজক ও দিদি নম্বার ওয়ানের পরিচালক অভিজিৎ দত্ত, কর্মধ্যক্ষ চিম্ময় মন্ডল ও বিশ্বরূপ রায় বিচারক ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সজল আহমেদ বলেন, মীরাক্কেল অনুষ্ঠান দেখে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। চেষ্টা করেছি সবটুকু দিয়ে বিচারকদের মন জয় করতে। ফলাফল পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া থেকে আসা তৃতীয় শ্রেণীর ছাত্র মো. সা’দ্বীন বিন আবিদ জানায়, অনুষ্ঠানে তার বয়সী অনেক শিশু অংশ নিয়েছে।
সারেগামাপা’য় বিচারক ছিলেন গ্রিন এসেন্সের ব্যবস্থাপনা পরিচালক মুনসুর আলী, হাজরা ঝংকার ও ল্যাম্পার্ডসের সহ-সভাপতি সাঈদ আহমেদ সামস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২৩০৪ ঘ.
bdnews24