খুলনা/সাতক্ষীরা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জুয়েল হাসান খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার সংবাদ সম্মেলনে জুয়েল বলেন, “গত ৩০ জানুয়রি ওই ছাত্রী খুলনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ের মাধ্যমে একটি এফিডেভিট করেন।
“এতে তিনি উল্লেখ করেন, ওই ঘটনার সঙ্গে আমরা জড়িত নই এবং ধর্ষণচেষ্টার শিকার হওয়ার বিষয়টি সাজানো।”
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়া এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলায় অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি। মামলার আরেক আসামি জেলা ছাত্রলীগের তৎকালিন সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ কারাগারে রয়েছেন।
ছাত্রীটিকে অনুষ্ঠান শেষে পারিশ্রমিক দেওয়ার কথা বলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশের বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এ মামলা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়।
পলাতক আসামি হয়েও প্রকাশ্যে সংবাদ সম্মেলন কীভাবে করলেন? সোমবার রাতে মোবাইল ফোনে জানতে চাইলে জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি উচ্চ আদালত থেকে জামিন নিয়েই সংবাদ সম্মেলন করেছি।”
“অচিরেই সাতক্ষীরা গিয়েও সংবাদ সম্মেলন করবো। এমনকি ওই মেয়েকেও সাংবাদিকদের সামনে নিয়ে এসে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করব।”
তবে, মামলার তদন্ত কর্মকর্তা ও সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ বলেন, “এই মামলা মীমাংসার অযোগ্য ধারায় করা হয়েছে। ফলে এফিডেভিট করে মামলা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না।”
“জুয়েলের বিষয়ে সব জায়গায় বেতার বার্তা দেওয়া আছে।”
সংবাদ সম্মেলনে ‘ছাত্রীটির করা’ এফিডেফিটের একটি কপিও সরবরাহ করেন জুয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩২০ ঘ.
bdnews24