২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলায় বই আর নীতি নিয়ে এনটিসিবি

জাতির গৌরবময় অর্জন সম্পর্কে সম্যক ধারণা দিতে এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে ‘মানসম্মত বইয়ের বিকল্প নেই’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতির গৌরবময় অর্জন সম্পর্কে সম্যক ধারণা দিতে এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে ‘মানসম্মত বইয়ের বিকল্প নেই’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, “ভাষা আন্দোলনের পথ ধরে মুক্তিযদ্ধের লক্ষ শহীদের গৌরবময় অর্জন সম্বন্ধে নতুন প্রজন্মকে জানাতে আরো বেশি করে বই প্রকাশ হোক।” জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনটিসিবি) প্রকাশিত বই (যা পাঠ্যপুস্তক) বিক্রির জন্য নয়। তা সত্ত্বেও বইমেলায় এর স্টল কেন? এর পক্ষে মন্ত্রী বলেন, “প্রতিবছর আমরা ২৩ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌছে দিচ্ছি। এটা একটা বিরাট ঘটনা। বিষয়টি সবার জানা উচিত।” এছাড়া মেলার স্টলে জাতীয় শিক্ষানীতিও সবাই হাতের কাছে পাবে বলে মনে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, “যদিও এটা ওয়েবসাইটে দেওয়া আছে কিন্তু সবার ইন্টারনেট অ্যাকসেস না থাকায় সবার কছে এটা হয়তো পৌঁছে না।” সোমবার বিকালে স্টল উদ্বোধন করতে গিয়ে বইমেলার ‘পরিসর বিতর্ক’ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন, “আগে বইমেলার পরিসর অনেক ছোট ছিলো, বর্তমানে এটার পরিধি বৃদ্ধি পেয়ে এমন হয়েছে যে এখানে এখন ধারণক্ষমতাও নেই।” “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করা উচিত।” সেমিনার মেলার ষষ্ঠ দিনের সেমিনারে ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্ত, আব্দুর রশীদ তর্কবাগীশ ও আবুল কালাম শামসুদ্দিন বিষয়ে প্রবন্ধ পড়েন রশীদ হায়দার, হাসান হাফিজ ও সাইফুল ইসলাম। ‘ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্ত’ প্রবন্ধে রশীদ হায়দার বলেন, “ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা আন্দোলনের পথিকৃৎ সংগ্রামী। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই গণপরিষদে তিনি বাংলার পক্ষে জোর সংগ্রাম শুরু করেন। ” “ধীরেন্দ্রনাথ সূচিত সংগ্রামের পথ ধরেই বায়ান্নোর একুশে ফেব্র“য়ারিতে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হলেও দেশকে ভালোবাসার চরম মূল্য ধীরেন দত্তকে দিতে হয়েছে একাত্তরের মার্চে নির্মমভাবে পাকবাহিনীর হাতে জীবন দেওয়ার মধ্য দিয়ে।” অন্য দুই প্রবন্ধে সাইফুল ইসলাম ও হাসান হাফিজ যথাক্রমে আব্দুর রশীদ তর্কবাগীশ ও আবুল কালাম শামসুদ্দীন সম্বন্ধে বলেন, মুসলিম লীগের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকার পরেও আব্দুর রশীদ তর্কবাগীশ ও আবুল কালাম শামসুদ্দিন যে সাহসিকতা ও দৃঢ়তার সাথে বাংলা ভাষার পক্ষে অবস্থান নিয়েছিলেন তা সত্যিই বিস্ময়কর। কমরেড অজয় রায়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী অ্যারোমা দত্ত, গবেষক ম. মনিরুজ্জামান ও বিপ্লব বালা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আবৃত্তি সংগঠন ‘যুক্ত’। নতুন বই ষষ্ঠ দিনে মোট ১০২টি বই মেলায় এসেছে। এর মধ্যে গল্প নয়টি, উপন্যাস ১৭টি, প্রবন্ধ নয়টি, কবিতা ১৯টি, ছড়া ছয়টি, শিশু সাহিত্য আটটি, জীবনী তিনটি, রচনাবলী একটি, মুক্তিযুদ্ধভিত্তিক বই একটি, বিজ্ঞানভিত্তিক চারটি, ভ্রমণ একটি, ইতিহাস একটি, রাজনীতি দুইটি, চিকিৎসা একটি, রম্যরচনা ছয়টি, ধর্মীয় একটি, অনুবাদ চারটি, বৈজ্ঞানিক কল্পকাহিনী এক এবং অন্যান্য সাতটি বই। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- কথাসাহিত্য থেকে প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর অনুবাদ ‘এডগার অ্যালান পো-র একটি কবিতা ও নয়টি গল্প’, অন্যপ্রকাশ থেকে হুমায়ূন আহমেদের ‘হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই’ ও সৈয়দ শামসুল হকের কবিতাগ্রন্থ ‘এইসব টানা ও পোড়েন’, অন্বেষা প্রকাশন থেকে সুমন্ত আসলামের উপন্যাস ‘দুর্ধর্ষ পাঁচ গোয়েন্দা’, অবসর থেকে আহসান হাবিবের রম্যরচনা ‘ডিসকোয়ালিফাইড জোকস’, শব্দশিল্প থেকে বিপাশা হায়াতের গল্পগ্রন্থ ‘ঘুম ভাঙা মানুষের গল্প’ ইত্যাদি। এদিনে সাতটি বইয়ের মোড়ক উন্মোচন হয় মেলার নজরুল মঞ্চে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/পিডি/২২২০ ঘ.