সিরাজগঞ্জ, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দে একটি বাস খাদে পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, সোমবার ভোর ৩টার দিকে সয়দাবাদ-কড্ডা-হাটিকুমরুল সড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারির মফিজ উদ্দিন (৬২), জামালপুরের ইসলামপুর থানার মমতা বেগম (২৪) এবং তার মেয়ে নওশীন (৪)।
এসআই আসলাম জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী বিসমিল্লাহ পরিবহনের বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে নলকা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি নলকা ২ নম্বর সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই আসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.
bdnews24