সাভার, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের হামলায় এক কর্মকর্তা আহত হওয়ার জের ধরে ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।
শনিবার সকালে আশুলিয়ার চারাবাগ এলাকার ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভকালে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকরা সকাল সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়।
পুলিশ ও শ্রমিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, চাঁদা চেয়ে না পেয়ে শুক্রবার বিকালে কারখানার উপ-মহাব্যবস্থাপক আব্দুল জলিলকে মারধর করে কুমকুমারী এলাকার একদল সন্ত্রাসী। এ ঘটনা শনিবার সকালে কারখানার প্রায় ১৫শ’ শ্রমিক সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে অংশ নেয়।
মাটসুকা এ্যাপারেলস লিমিটেডের সুপারভাইজার মোকসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমকুমারী এলাকার একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে উপ-মহাব্যবস্থাপক আব্দুল জলিলের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় তারা তাকে মারধর করে রক্তাক্ত জখম করেছে।
শুক্রবার ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24