২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘অতিরিক্ত’ ফি, শিক্ষার্থীরা বিক্ষুব্ধ

‘অতিরিক্ত’ ফি বাতিলসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাগুরার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ঘেরাও করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মাগুরা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অতিরিক্ত’ ফি বাতিলসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাগুরার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ঘেরাও করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। শুক্রবার সকালে আদর্শ ডিগ্রি কলেজে নির্দিষ্ট ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের পারনান্দুয়ালীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কো-অর্ডিনেটিং অফিসের সামনে গিয়ে মানববন্ধন করেন। পরে তারা বিক্ষোভ প্রদর্শন ও অফিস ঘেরাও করে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। বিএ ক্লাসের শিক্ষার্থী সৈকত রহমান, রেজাউল ইসলাম, পলাশ মিয়া জানান, ভর্তির সময় কর্তৃপক্ষ তাদের কাছ থেকে পরীক্ষার ফিসহ প্রতি সেমিস্টারের জন্য নির্ধারিত ২৬০০ টাকার স্থলে ২৮০০ টাকা করে নিয়েছে। কিন্তু আজ শুক্রবার সকালে শহরে আদর্শ ডিগ্রি কলেজে ক্লাস করতে এসে তারা জানতে পারেন, প্রতি সেমিস্টারের জন্য পরীক্ষার ফি বাবদ তাদের অতিরিক্ত আরো ১৬০০ (এক হাজার ছয়শ’) টাকা দিতে হবে। সৈকত রহমান আরো অভিযোগ করেন, কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা-পয়সা নিয়ে আসছে। কলেজ থেকে বিনামূল্যে বই দেওয়ার কথা থাকলেও তা ঠিক মত পাওয়া যায় না। টাকা ছাড়া এখানে কিছুই হয় না। অতিরিক্ত ফি প্রত্যাহারসহ নানা হয়রানির প্রতিকার না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান তিনি। এ ব্যাপারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটিং অফিসার এ এস এম মোস্তাফিজুর হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখন পারিবারিক একটি অনুষ্ঠানের কারণে ছুটিতে আছি। এখন এ ব্যাপারে কিছু বলতে পারব না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৭ ঘ.