নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বাস চাপায় এক পোশাক শ্রমিক আহত হওয়ায় শ্রমিকরা আধঘণ্টা সড়ক অবরোধ ও ভাংচুর করেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে ৪/৫টি যানবাহন ভাংচুর করা হয়। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে কাঁচপুরে সিনহা গার্মেন্টসের সুইং অপারেটর নাসরিন (২০) রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে পাশের শুভেচ্ছা ক্লিনিকে নেওয়া হয়।
এ খবর ওই কারখানার শ্রমিকরা শুনলে তারা ঢাকা-সিলেট মহাসড়কে নেমে আসে।
দুর্ঘটনার জন্য দায়ী বিআরটিসির বাসটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৯১৭ ঘ.
bdnews24