চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে ট্রেন সার্ভিস চালু হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এ সার্ভিসের উদ্বোধন করেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
এরপর চারটি বগি নিয়ে দুপুর দেড়টায় চাপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে প্রথম সাটল ট্রেনটি বুধবার যাত্রা করে।
প্রতি মঙ্গলবার বিরতি দিয়ে সপ্তাহের অন্যান্য দিন দুপুর দেড়টায় চাঁপাই থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। চালু হওয়া সাটল ট্রেনটি কানেকটিং হিসেবে রাজশাহী গিয়ে পদ্মা এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে। একইভাবে বেলা ১২টায় ঢাকা থেকে ফিরতি যাত্রীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসবে ট্রেনটি।
এ জেলার জন্য এই ট্রেনে ৭০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যেতে প্রতিটি আসনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা।
গত বছর ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে এক জনসভায় এ জেলার সঙ্গে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চালু হওয়া কমিউটার ট্রেন সার্ভিসকে আংশিক সমাধান উল্লেখ করে রেল স্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশে রেলমন্ত্রী বলেন, “ভবিষ্যতে দু’টি আন্তঃনগর ট্রেন সংযোগ দেওয়া হবে।”
সমাবেশে সুরঞ্জিত জানান, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে রেলপথে যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা নির্মাণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্ত পর্যন্ত ১৬৬ কোটি টাকা ব্যয়ে এই উপআঞ্চলিক রুট গড়ে তোলা হচ্ছে।
চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ও রহনপুর রেল বন্দরকে সামনে রেখে আমনুরা জংশনকে আধুনিকায়ন করা হবে বলেও তিনি জানান।
বিগত সরকার রেলের জমি বিক্রি করেছে ও রেল ব্যবস্থাকে ধ্বংস করেছে অভিযোগ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী রেলের দৃশ্যমান মানচিত্রে নিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জকে।
এছাড়াও মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন ভবন পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩৭ ঘ.
bdnews24