চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির নির্বাচনে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি সুজন ঘোষ সভাপতি নির্বাচিত হয়েছেন।
সুজন পেয়েছেন ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তরের রানা আব্বাস পেয়েছেন ১২ ভোট।
সমান ভোট পেয়ে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আবদুল্ল¬াহ আল মামুন ও দৈনিক যায়যায়দিনের হেদায়েত উল্ল¬াহ খন্দকার পলাশ। দুজনই ১৬ করে ভোট পান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সমিতির ৩২ সদস্য ভোট দেয়।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ নাসিম হাসান নির্বাচনের ফল ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৩২ ভোটারের সবাই ভোট দিয়েছেন।
মামুন প্রথম ছয়মাস এবং হেদায়েত পরের ছয় মাস সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানান নাসিম হাসান।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হাসান মেহেদী (দৈনিক পূর্বকোন), যুগ্ম-সম্পাদক আশরাফ রেজা (দৈনিক আমাদের সময়), অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহীদুল ইসলাম, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক হুমায়ুন মাসুদ (দৈনিক সাঙ্গু) এবং নির্বাহী সদস্য রমিজ আহমদ (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস)।
চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, উপ উপাচার্য অধ্যাপক ড. মো.আলাউদ্দিন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৮২২ ঘ.
bdnews24