ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ। আদালত নিয়মিত আপিলের আবেদন করতে বলেছে।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই সদস্যের বিরুদ্ধে দায়ের করা দুদকের একটি মামলা গত রোববার ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
মামলা বাতিলে হাইকোর্টে মওদুদের করা ওই আবেদনে আদালত একইসঙ্গে মামলাটি বাতিলের আদেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে।
ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন করলে আদালত ‘নো অর্ডার’ দিয়েছে।
আদালতে মওদুদের পক্ষে ছিলেন, ব্যরিস্টার রফিক-উল হক, অ্যাডভোকটে আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার্দী।
২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মওদুদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার অভিযোগ আমলে নেওয়ার পর বর্তমানে বিচারিক আদালতে অভিযোগ গঠনের শুনানি চলছে।
এর আগে একই বছরের ৩ জুলাই সম্পদের সম্পদ ও আয়ের বিবরণী চেয়ে মওদুদকে চিঠি দিয়েছিলো দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭০২ ঘ.
bdnews24