২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশ-জামায়াত সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঝিনাইদহ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বুধবার বিকালে মিছিল করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার গভীর রাতে কোটচাঁদপুর শহরে পোস্টার লাগানোর সময় পুলিশ ৬ শিবির কর্মীকে গ্রেপ্তার করে। তাদের মুক্তির দাবিতে বিকাল ৫টায় জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। নসিমনে চড়ে বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা সমাবেশে জড়ো হচ্ছিল। এ সময় পুলিশ তাদেরকে নিরাপত্তার কারণে নসিমন ছেড়ে দিয়ে হেঁটে সমাবেশে যেতে বলে। এতে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায় বলে দাবি করেন কোটচাঁদপুর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান। তিনি জানান, এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এএসপি। তবে কোটচাঁদপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়ে অন্তত ১৫ কর্মীকে আহত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০০৫ ঘ.