মুন্সীগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার অব্যাহত ভাঙনে বুধবার দুপুরে মাওয়ার ১ নম্বর ফেরিঘাটও বন্ধ করে দেয়া হয়েছে।
এখন শুধু রো রো ফেরির জন্য বিশেষভাবে তৈরি ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। এতে যানবাহন পারাপার ধীর গতিতে হওয়ায় যানজট দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসি’র মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১নং ফেরিঘাট দিয়ে ফেরিতে সকল প্রকার যানবাহন পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। ঘাটের র্যামের কাছে বিশাল ফাটল দেখা দেয়ায় পূর্ব সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেয়া হয়।
এছাড়া ২ নম্বর ঘাটের পরিবর্তে ৪ নম্বর ঘাট তৈরির কাজ চলছে এবং ১ নম্বর ঘাট মেরামত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।
ভাঙন এলাকায় প্রায় ৬৫ ফুট গভীর হওয়ায় ৩ নম্বর ফেরিঘাটও হুমকির মুখে রয়েছে বলে সিরাজুল হক জানান।
সিরাজুল হক বলেন, মঙ্গলবার ২ নং ফেরিঘাটের অন্তত ১৫০০ বর্গফুট এলাকা প্রায় ৪০ ফুট পদ্মায় বিলীন হয়ে যায়। এতে সাতটি দোকান সম্পূর্ণ নদীগর্ভে চলে যায়।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার মঙ্গলবার বিকালে ভাঙন কবলিত ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।
সড়ক ও জনপথ বিভাগের শ্রীনগর উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল আহমেদ বলেন, ৪নং ঘাটের সংযোগ সড়কে কার্পেটিংয়ের কাজ চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে দুইদিনের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।
বিআইডব্লিউটিএ’র উপ বিভাগীয় প্রকৌশলী কুতুব উদ্দিন তালুকদার বলেন, শনিবার নাগাদ ৪নং ঘাটটি চালু করা সম্ভব হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার দুইদিনের মধ্যে র্যাম ও পল্টুন বসানোর কাজ শেষ হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24