সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ব্যবসায়ীকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সাভার থানার এক উপ পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ থেকে মনির হোসেনকে (৪০) ধরে সাভারের হেমায়েতপুর ট্যানারিতে নিয়ে মারধর করা হয় বলে তার স্বজনরা অভিযোগ করেন।
তবে, উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক খান এ অভিযোগ অস্বীকার করেছেন।
মনিরের ছোট ভাই মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেরানীগঞ্জের আনোয়ার নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ ছিল।
“তার জের ধরে আনোয়ার সাভার মডেল থানার দারোগা এমদাদুল হক খানকে মোটা অংকের টাকা দিয়ে আমার ভাইকে মঙ্গলবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জের বাসা থেকে ধরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে আমরা সাভার থানায় যোগাযোগ করি। তবে ভাইয়ের কোন হদিস পাইনি।
“শেষে রাত ৩টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। তখন সে হাঁটতে পারছিল না। দুইজন লোক তাকে ধরাধরি করে নিয়ে আসে,” বলেন তিনি।
ভাইকে এ বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশ তাকে মারধর করেছে বলে জানান, বলেন মোক্তার।
মোক্তার আরো বলেন, বুধবার সকালে সাভার থানায় গিয়ে এমদাদকে না পেয়ে উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমনের কাছে ভাইকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তিনি জানান আনোয়ার বললে ভাইকে ছেড়ে দেবে।
এ বিষয়ে সাজ্জাদ রোমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনির নিরীহ হলে তাকে ছেড়ে দেয়া হবে।
তবে মারধর সর্ম্পকে তিনি কিছু জানেন না বলে জানান।
থানা হাজতে থাকা মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে দারোগা এমদাদ তাকে হেমায়েতপুর এলাকার ট্যানারিতে নিয়ে বেধড়ক মারধর করেছে। দু’ পায়ে লাঠি দিয়ে পেটানোর ফলে তিনি এখন দাঁড়াতে পারছেন না।
তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, ওই পুলিশ কর্মকর্তা তাকে কোনো একটি ডাকাতি মামলায় ঢুকিয়ে দেয়ারও ভয় দেখাচ্ছেন।
উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক খান মারধরের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওসি স্যারের নির্দেশেই মনিরকে ধরে আনা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিরের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
ট্যানারীতে নিয়ে মারধর প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অনেক আগে ট্যানারিতে অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গিয়েছিল। সেই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাকে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৪২ ঘ.
bdnews24