২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা রাষ্ট্রদূতের নৈশভোজে খালেদা

আগামী ১৪ অক্টোবর চীন সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তার আগে রাষ্ট্রদূতের বাড়িতে নৈশভোজে যোগ দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুনের দেওয়া নৈশভোজে যোগ দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এই নৈশভোজের আয়োজন করা হয়। রাত ৮টা ৪০ মিনিটে শুরু হয় এ নৈশভোজ। তা চলে রাত ১০ টা ১০ মিনিট পর্যন্ত। চীন সফরের প্রাক্কালে বিরোধী দলীয় নেতা ও তার সফরসঙ্গীদের সম্মানে রাষ্ট্রদূত লি জুন এই নৈশভোজ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান। নৈশভোজে ঢাকায় চীনা দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে খালেদা জিয়া আগামী ১৪ অক্টোবর সেদেশ সফরে যাচ্ছেন। সাত দিনের এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও থাকবে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস,একান্ত সচিব সালেহ আহমেদ প্রমুখ। প্রেস সচিব আরো জানান, চীন সফরকালে বিরোধী দলীয় নেতা চীন সরকার ও কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সর্বশেষ ২০১০ সালের ১৯ ডিসেম্বর সেদেশ সফর করেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০১৬ ঘ.