পিরোজপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নিজের ছেলে ও মেয়েকে খুনের অভিযোগে এক দিনমজুরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার এ হামলায় নিহত এমরান (৮) ও সুলতানা (৬) ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের নলকাটা গ্রামের দিনমজুর জাকির হোসেনের ছেলেমেয়ে।
এ ঘটনায় জাকিরের স্ত্রী লিপি আক্তার ছাড়াও আবুল হোসেন ও সোহাগ নামের আরো দু’জন রক্তাক্ত জখম হয়েছেন।
তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঋণগ্রস্ত হয়ে পাঁচ বছর আগে জাকির বাড়ি থেকে পালিয়ে যান।
কয়েকদিন আগে ফিরে এলে বিভিন্ন সংস্থা ঋণের জন্য তাকে চাপ দিতে থাকে। এ কারণে ৩/৪ দিন ধরে বাড়ি ছিলেন না।
মঙ্গলবার দুপুরে বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানদের ভাত খেতে দেখে ঘর থেকে ধারালো দা এনে এমরান ও সুলতানাকে কুপিয়ে খুন করেন।
এরপর তিনি স্ত্রী লিপিসহ আবুল ও সোহাগকেও কুপিয়ে গুরুতর জখম করেন।
এ ঘটনার পর স্থানীয়রা ‘হত্যাকারী’ জাকির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে, বলেন ওসি মতিউর।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৯৩৯ ঘ.
bdnews24