কুষ্টিয়া, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রীর সঙ্গে আলোচনার পর পরিবহন মালিক-শ্রমিকদের একটি অংশ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য একটি অংশের বিরোধিতায় ৭ জেলায় যান চলাচল বন্ধ রয়েছে।
১১ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একাংশের ডাকে মঙ্গলবার সকাল থেকে এই পরিবহন ধর্মঘট চলছে।
সকাল থেকে কুষ্টিয়া, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী ও ফরিদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না যাওয়ায় এর প্রভাব পড়েছে ২১ জেলায়। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পণ্যবহণকারী।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবজাল হোসেন বলেন, “একাধিকবার চেষ্টা করেও দাবি পূরণের বিষয়ে সরকারের সঙ্গে কর্যকর কোনো সমঝোতা না হওয়ায় আজ আমাদের পূর্বনির্ধারিত ধর্মঘট শুরু হয়েছে।”
দুর্ঘটনা কবলিত যানবাহন ভাংচুর ও আগুন দিয়ে পোড়ানো বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত যানের মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়াসহ ১১ দফা দাবিতে গত ১ অক্টোবর ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দক্ষিণ-পশ্চিমের ২১টি জেলায় এই কর্মসূচি ডাকা হয়।
এছড়া সড়কে নসিমন-করিমন চলাচল বন্ধ করা, অবাণিজ্যিক যানবাহনে অবৈধভাবে যাত্রী বহন বন্ধ করা, দুর্ঘটনা কবলিত গাড়ি ৪৮ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় ফেরত দেয়া, ড্রাইভিং লাইসেন্স নাবয়ন ও নতুন লাইসেন্স দেয়ার ক্ষেত্রে সব কাজ এক মাসের মধ্যে করা, পুলিশের চাঁদাবাজি বন্ধ করাও দাবিও এর মধ্যে রয়েছে।
মালিক-শ্রমিকদের ধর্মঘটের ঘোষণায় সোমবার রাজধানীতে তাদের সঙ্গে বৈঠকে বসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠকের পর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস দুদু সাংবাদিকদের বলেন, ১১ দফা দাবির বিষয়ে মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, রোববার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ দফা দাবির মধ্যে নয়টি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তাদের বক্তব্যের ভিত্তিতে সোমবার রাতে গণমাধ্যমে পরিবহন ধর্মঘট স্থগিতের সংবাদ প্রচারিত হলেও ঐক্য পরিষদেরর ৭টি জেলার নেতারা এর সঙ্গে দ্বিমত পোষণ করেন। এসব জেলায় সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় কার্যত ২১ জেলারই পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।
এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক ও পুলিশ সুপার মফিজ আহম্মেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২২০ ঘ.
bdnews24