রংপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর নগরীর মাছের আড়তের এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১টার দিকে দেওডোবা পাইকারপাড়া এলাকায় একটি ধানক্ষেতে আশিক বাবু তন্বয়ের (১২) লাশ পাওয়া যায়।
তন্বয় নগরীর মাছের আড়তে কাজ করত। সে ওই এলাকার প্রয়াত খলিলুর রহমানের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলাম নামে ওই আড়তের এক ভ্যান চালককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ মিয়া বলেন, রোববার রাত ১০টার দিকে মাছের আড়ত থেকে বাসায় রওয়ানা হয়ে তন্বয় আর বাসায় ফেরেনি। মকালে ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।
নিহতের সারা শরীরের মাছ ধরার ‘খোচা’র (সূচালো অস্ত্র) আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় তন্বয়ের মামা আফজাল হোসেন আটক শফিকুলকে আসামি করে হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৬১৫ ঘ.
bdnews24